আন্তর্জাতিক ডেস্ক: ২৩ নভেম্বর ২০২৬, ৯:৫১ অপরাহ্ন
দরিদ্র জনগণকে আবাসন সুবিধা দিতে ব্যর্থ হলে সরকারি পদে থাকার কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে দরিদ্রদের জন্য কোটি কোটি ঘর তৈরি করতে হলেও তিনি তা করবেন। ‘প্রধানমন্ত্রী আপনা ঘর প্রোগ্রাম’-এর আওতায় ১০০ কোটি রুপির বেশি ঋণ বিতরণের মাইলফলক উদযাপন অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।
পাকিস্তান সৃষ্টির প্রেক্ষাপট স্মরণ করে শাহবাজ শরিফ বলেন, অগণিত মানুষ ত্যাগ স্বীকার করে নতুন ভূখণ্ডে এসেছিলেন এই আশায় যে, এখানে কঠোর পরিশ্রম, সততা ও মেধার মূল্যায়ন হবে। কিন্তু বর্তমানে একদিকে বিপুল সম্পদ অল্প কিছু মানুষের হাতে পুঞ্জীভূত, অন্যদিকে বড় একটি অংশ মাথার ওপর ছাদ, শিক্ষা, চিকিৎসা ও সম্মানজনক জীবিকা থেকে বঞ্চিত। এই পরিস্থিতি কাটাতে ফেডারেল ও প্রাদেশিক সরকারকে দ্রুত একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আবাসন ঋণ বিতরণে স্বচ্ছতা বজায় রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এই প্রক্রিয়ায় দুর্নীতি বা স্বজনপ্রীতির কোনো ঘটনা ঘটেনি। অতীতে ব্যাংকগুলো এই খাতে ঋণ দিতে অনীহা দেখালেও এখন পরিস্থিতি বদলেছে। ঋণ পাওয়ার ক্ষেত্রে আবেদনকারীর রাজনৈতিক পরিচয় দেখা হয়নি। কোনো ভুল সুপারিশ এলে, এমনকি তা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হলেও ব্যাংকগুলোকে তা সরাসরি প্রত্যাখ্যানের নির্দেশনা দেওয়া হয়েছিল।
শাহবাজ শরিফ আক্ষেপ প্রকাশ করে বলেন, অতীতে আবাসন প্রকল্পগুলো কেবল অভিজাতদের বড় বড় বাড়ির দিকে নজর দিয়েছিল, যাদের প্রকৃতপক্ষে ঋণের প্রয়োজন ছিল না। কিন্তু প্রকৃত প্রয়োজন শ্রমিক, বিধবা, এতিম, মধ্যবিত্ত ও সাধারণ পরিবারগুলোর। এদের জন্য গৃহসংস্থান নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক জাতীয় দায়িত্ব।
অনুষ্ঠানে তিনি জানান, এপ্রিল ২০২৬-এ কর্মসূচিটি শুরু হওয়ার পর থেকে নভেম্বর পর্যন্ত সাড়ে ছয় মাসে মোট ৫০০ কোটি রুপির ঋণ অনুমোদন করা হয়েছে। এর মধ্যে ইতোমধ্যে ১১২ কোটি রুপি বিতরণ করা শেষ হয়েছে। আগামী ছয় মাসের মধ্যে ১ হাজার কোটি রুপির ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশ দেন তিনি।
এই প্রকল্পে অসামান্য অবদান রাখা পাঁচটি ব্যাংককে সম্মাননা হিসেবে ব্লু পাসপোর্ট প্রদান করা হবে বলে ঘোষণা দেন প্রধানমন্ত্রী। তবে আবেদনকারীদের ঋণ প্রদানে অহেতুক বিলম্ব হলে ব্যাংকগুলোকে জবাবদিহি করতে হবে। এছাড়া ব্যাংকিং প্রক্রিয়া সহজ করতে বিশেষ হেল্পডেস্ক স্থাপনের পরামর্শ দেন তিনি।
নির্মাণ খাতের সার্বিক উন্নয়নে স্টেট ব্যাংকের গভর্নর, আবাসন মন্ত্রী, আবাসন সচিব, বিল্ডার্স ও ব্যাংকগুলোর প্রতিনিধিদের নিয়ে জরুরি বৈঠক ডাকার নির্দেশ দেন শাহবাজ শরিফ। তিনি বলেন, প্রচারের জন্য নয়, বরং সুবিধার বার্তা দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে পৌঁছানোই তার মূল লক্ষ্য।
সূত্র: ARY News Urdu

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।