কুমিল্লার দাউদকান্দিতে পুলিশের চেকপোস্টে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৩৬ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইয়াবা পরিবহনে ব্যবহৃত পিকআপটি জব্দসহ মো. জাকারিয়া ইদ্রীস (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন একটি পিকআপে তল্লাশি চালিয়ে চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা গোপন কুঠুরি থেকে ৩৩টি জ্যামিতি বক্সে রাখা ১৮০টি প্যাকেটে মোট ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার জাকারিয়া ইদ্রীস কক্সবাজার জেলার টেকনাফ থানার রাঙ্গাখালী এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত শফিকুর রহমান এবং মাতার নাম ফাতেমা খাতুন। পুলিশ জানায়, উদ্ধার করা অস্ত্র, গুলি, ম্যাগাজিন ও ইয়াবা এবং জব্দ করা পিকআপের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।