দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান জুবাইদা রহমানের

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
দেশকে এগিয়ে নিতে বিজ্ঞান চর্চায় জোর দেওয়ার আহ্বান জুবাইদা রহমানের

দেশের উন্নয়ন ও মানুষের নানা সমস্যার সমাধানে বিজ্ঞান চর্চার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বৈজ্ঞানিক আবিষ্কার ও গবেষণার মাধ্যমে দেশের মানুষের বহু সমস্যার কার্যকর সমাধান সম্ভব। পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রে সুস্থ প্রতিযোগিতা উজ্জ্বল সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে।

বুধবার (১০ জুন) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে আয়োজিত মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়।

ডা. জুবাইদা রহমান বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান খুঁজে বের করতে শিক্ষক ও শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানমনস্কতা গড়ে তুলতে গবেষণা ও উদ্ভাবনের পরিবেশ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, বৃক্ষরোপণ কর্মসূচিকে শুধু আনুষ্ঠানিকতা বা গতানুগতিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে এটিকে অর্থনৈতিক ও সামাজিকভাবে একটি সবুজ বিপ্লবে রূপ দেওয়া সম্ভব। পরিবেশ সুরক্ষার পাশাপাশি বৃক্ষরোপণ দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা বিজ্ঞানভিত্তিক শিক্ষা, গবেষণা এবং পরিবেশবান্ধব উদ্যোগের মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।