প্রযুক্তি ডেস্ক: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ন
প্রযুক্তি বিশ্বে নিজেদের অবস্থান আরও শক্ত করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘জিটিপি-৬.১ সোল’ (GPT-6.1 Sol) উন্মোচন করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা সংস্থা ওপেনএআই। এটি মূলত পূর্বে বাজারে আসা জিটিপি-৬ সোল মডেলের পরবর্তী সংস্করণ।
গত মঙ্গলবার অনুষ্ঠিত সংস্থার বার্ষিক প্রযুক্তি সম্মেলন ‘ওপেনএআই দেব ডে ২০২৪’-এ (OpenAI Dev Day 2026) আনুষ্ঠানিকভাবে এই নতুন এআই মডেলটির ঘোষণা দেওয়া হয়। এটি তুলনামূলক কম খরচে ব্যবহারকারীদের বিশ্বমানের সুবিধা প্রদান করবে বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে প্লাস, প্রো, বিজনেস, এন্টারপ্রাইজ এবং এডু (Edu) গ্রাহকরা নতুন এই মডেলটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। গ্রাহকরা ‘চ্যাটজিপিটি ওয়ার্ক’ এবং ‘কোডেক্স’-এর মাধ্যমে নতুন এআই প্রযুক্তিতে প্রবেশ করতে পারবেন।
তবে সাধারণ চ্যাট সংস্করণে মডেলটি এখনো উন্মুক্ত করা হয়নি। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সুবিধাটি কবে নাগাদ চালু হবে, সে বিষয়ে সংস্থাটি নির্দিষ্ট করে কোনো তথ্য জানায়নি।
অন্যদিকে, সফটওয়্যার ও এআই ডেভেলপারদের জন্য বিশেষ সুযোগ রাখা হয়েছে। তারা ওপেনএআই এপিআই (API)-এর মাধ্যমে সরাসরি এই নতুন এআই মডেলটি নিজেদের অ্যাপ বা সিস্টেমে যুক্ত করে ব্যবহার করতে পারবেন।
ওপেনএআই-এর দাবি অনুযায়ী, জিটিপি-৬.১ সোল তাদের শীর্ষ মডেল ‘জিটিপি-৬ অ্যাস্ট্রা’-এর প্রায় কাছাকাছি পারফর্ম করতে সক্ষম। বিশেষ করে এজেন্টভিত্তিক কোডিং, কম্পিউটার ব্যবস্থাপনা এবং বিভিন্ন পেশাগত কাজে এটি উচ্চমানের দক্ষতা দেখাতে পারে।
পুরোনো সংস্করণ জিটিপি-৬ সোল-এর তুলনায় নতুন এই মডেলটি অত্যন্ত জটিল পেশাদার কাজগুলো আরও নিখুঁতভাবে সমাধান করতে পারবে। এটি দিয়ে সহজে কোড লেখা ও কোডের ভুল সংশোধন (ডিবাগিং) করা সম্ভব।
এ ছাড়া দীর্ঘ ডকুমেন্ট বা নথি ভালোভাবে অনুধাবন করা এবং ব্যবসা প্রতিষ্ঠানের বহু-ধাপ বিশিষ্ট জটিল কর্মপ্রক্রিয়া পরিচালনা করার ক্ষেত্রেও নতুন এই মডেলটি উল্লেখযোগ্য অগ্রগতি প্রদর্শন করেছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।