নতুন পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

লেখক: Arisha Eme
প্রকাশ: ৫ মাস আগে
নতুন পে-কমিশনের সিদ্ধান্ত নেবে আগামী সরকার: অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নতুন পে-কমিশন গঠনের সিদ্ধান্ত বর্তমান সরকার নয়, আগামী সরকারই নেবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

রোববার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি, অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, “পে-কমিশনের বিষয়ে এখনই কোনো সিদ্ধান্ত হচ্ছে না। এই বিষয়ে আগামী সরকার সিদ্ধান্ত নেবে। আমরা এখন যা করতে পারি, তা হলো চলমান সংস্কার কার্যক্রমগুলোকে আরও সুসংগঠিত করা।

তিনি আরও জানান, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সরকারের যোগাযোগ অব্যাহত আছে। “আমার আইএমএফের সঙ্গে জুমে কথা হয়েছে। তারা বলেছে, বাংলাদেশের সার্বিক অর্থনৈতিক দিক নিয়ে তারা সন্তুষ্ট। তবে কিছু সুপারিশ দিয়েছে—বিশেষ করে রাজস্ব আয় বৃদ্ধি করতে হবে, ট্যাক্স-জিডিপি অনুপাত বাড়াতে হবে,” বলেন সালেহউদ্দিন আহমেদ।

তিনি স্বীকার করেন, রাজস্ব আদায়ে কিছু সমস্যা রয়েছে। “আমাদের মানুষ ট্যাক্স দিতে চায় না। আবার এনবিআর দুই মাস বন্ধ ছিল, সেটারও প্রভাব পড়েছে। তবে আমরা চেষ্টা করছি রাজস্ব আহরণ বাড়ানোর,” যোগ করেন তিনি।

অর্থ উপদেষ্টা বলেন, আইএমএফ সামাজিক সুরক্ষা খাতে ব্যয় বাড়ানোর সুপারিশও করেছে। “বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, সামাজিক নিরাপত্তা এবং খাদ্য খাতে আরও বিনিয়োগ করতে বলেছে তারা। খাদ্যখাতে আমরা তুলনামূলকভাবে ভালো অবস্থায় আছি,” বলেন তিনি।

নির্বাচনের আগে আইএমএফ ঋণের ষষ্ঠ কিস্তি পাওয়া যাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, “আমরা আগেই রাজি হয়েছি যে এখনই কিস্তির প্রয়োজন নেই। আইএমএফ এখন রিভিউ সম্পন্ন করছে। তারা দেখতে চায় রাজনৈতিক সরকার এসে কতটা ধারাবাহিকতা বজায় রাখে। ফেব্রুয়ারির দিকে, নির্বাচনের সময়, তারা আবার রিভিউ করবে, এরপর সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানান, ব্যাংকিং খাত এখনো বাংলাদেশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। “ব্যাংকিং সেক্টরের সংস্কার শুরু হয়েছে, ধীরে ধীরে তা আরও বিস্তৃত হবে। এসব বিষয় আমরা আগামী সরকারের জন্য প্রস্তুত করে রেখে যাচ্ছি,” বলেন সালেহউদ্দিন আহমেদ।

অর্থ উপদেষ্টা জানান, ট্যাক্স সংস্কারের বিষয়ে ইতিমধ্যে কয়েকজন স্বাধীন অর্থনীতিবিদকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। “তারা কিছু বাস্তবসম্মত সুপারিশ দেবে, যা আগামী সরকারের হাতে তুলে দেওয়া হবে,” তিনি যোগ করেন।