অসীম চন্দ্র দাস, স্টাফ রিপোর্টার (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। হরিপুর ইউনিয়ন জাতীয়তাবাদী দল (বিএনপি) ও হরিপুর মানব কল্যাণ সংগঠনের যৌথ উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। গ্রামবাংলার হারিয়ে যাওয়া এই লোকজ ঐতিহ্য ও প্রাণের উৎসব দেখতে নদীর দুই পাড়ে হাজারো উৎসুক মানুষের ঢল নামে।নৌকা বাইচ প্রতিযোগিতা শেষে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হরিপুর মানব কল্যাণ সংগঠনের সভাপতি হাজী তিতন আলী ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের জাতীয় সংসদ সদস্য এম. এ. হান্নান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইমরান উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী বিশ্বনাথ আনন্দ এবং নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক এড. আলী আজম, হাজী জামাল মিয়া, এবং হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন হোসেন রোমান।
সমগ্র অনুষ্ঠানটি সফলভাবে সঞ্চালনা করেন হাবিবুর রহমান।প্রতিযোগিতায় চূড়ান্ত পর্ব শেষে বিজয়ী নৌকাগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে ১ম স্থান অর্জন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব লাভ করে সরাইলের ক্ষেমতাপুরের ‘শাপলা বয়েজ ক্লাব’। প্রতিযোগিতায় ২য় স্থান অধিকার করে সরাইলের বুড্ডানের ‘শাপলা বয়েজ ক্লাব’ এবং ৩য় স্থান লাভ করে বিজয়নগরের বাসুদেবের ‘বুল্লা’ নৌকা। বিজয়ী দলগুলোর হাতে প্রথম ও দ্বিতীয় পুরস্কার হিসেবে আকর্ষণীয় স্মার্ট টিভি এবং ওয়ালটন ব্যান্ডের ফ্রিজ তুলে দেন প্রধান অতিথি এম. এ. হান্নানসহ উপস্থিত অন্যান্য অতিথিবৃন্দ।প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এম. এ. হান্নান বলেন, “নৌকা বাইচ আমাদের বাঙালি সংস্কৃতির এক প্রাচীন ও অবিচ্ছেদ্য অংশ। এটি শুধু একটি খেলাই নয়, এটি আমাদের গ্রামীণ মানুষের সম্প্রীতির মিলনমেলা। অপসংস্কৃতি ও মাদকের হাত থেকে তরুণ সমাজকে দূরে রাখতে এ ধরনের ঐতিহ্যবাহী ও সুস্থ বিনোদনমূলক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন প্রশংসার দাবিদার।”
তিনি সফলভাবে এমন একটি সুন্দর আয়োজন উপহার দেওয়ার জন্য আয়োজক সংগঠন হরিপুর বিএনপি এবং হরিপুর মানব কল্যাণ সংগঠনকে আন্তরিক ধন্যবাদ জানান।সবশেষে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী এই আয়োজনের সমাপ্তি ঘটে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।