আন্তর্জাতিক ডেস্ক: ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে থাকা গাদি আইজেনকোট অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দেশের ফিলিস্তিনি নাগরিকদের লক্ষ্য করে “বর্ণবাদী ও হিংসাত্মক” প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন। নতুন সরকার গঠনের দায়িত্ব পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ বার্তায় আইজেনকোট এই সমালোচনা করেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আইজেনকোট লিখেছেন, ইসরায়েলের মোট জনসংখ্যার ২১ শতাংশই আরব নাগরিক। নির্বাচনের প্রচারণা শুরুর পর থেকেই বিদায়ী প্রধানমন্ত্রী এবং তাঁর সহযোগীরা রাজনৈতিক উদ্দেশ্যে আরব নাগরিকদের অকার্যকর করার জন্য একটি বর্ণবাদী ও সহিংস প্রচারণা চালিয়ে আসছেন।
আইজেনকোট জোর দিয়ে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী সবার প্রধানমন্ত্রী, এমনকি যাঁরা তাঁকে ভোট দেননি তাঁদেরও। আরব নাগরিকরা ইসরায়েলের ইতিহাসের অংশ। তাঁদের একঘরে করে রাখা এবং পুরো গোষ্ঠীকে কলঙ্কিত করার চেষ্টা একটি রাষ্ট্রবিরোধী কাজ।
গত ২৭ অক্টোবরের ইসরায়েলি নির্বাচনে আইজেনকোটের চারদলীয় জোট ৪৮টি আসন জিতেছে, যেখানে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় জোট পেয়েছে ৫৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা কোনো পক্ষই পায়নি। অন্যদিকে, ফিলিস্তিনি নাগরিকদের প্রতিনিধিত্বকারী আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন লাভ করেছে।
নির্বাচনের পর নেতানিয়াহু আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে জালিয়াতির ভিত্তিহীন অভিযোগ তোলেন, যা ইসরায়েলের নির্বাচন কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া ৭ অক্টোবর ২০২৩ সালের হামলার পর হামাসকে “সন্ত্রাসী গোষ্ঠী” হিসেবে বর্ণনা না করার জন্য নেতানিয়াহু বারবার আরব দলগুলোর সমালোচনা করেছেন, যদিও আরব দলগুলোর সব নেতা ওই হামলার নিন্দা জানিয়েছিলেন।
আইজেনকোট উল্লেখ করেন, আরব দলগুলোর প্রতিনিধিদের সাথে মতবিরোধ থাকতে পারে, এমনকি কারও প্রতি গভীর অসন্তোষও থাকতে পারে। তবে কোনোভাবেই পুরো একটি সম্প্রদায়কে অপবাদ দেওয়া যাবে না এবং তিনি তা হতে দেবেন না।
যদিও আরব দলগুলো আইজেনকোটকে সমর্থনের কথা জানিয়েছে, তিনি তাদের সাথে সরাসরি জোট সরকার গঠনে অস্বীকৃতি জানিয়েছেন। উল্টো দুই অতি-অর্থোডক্স দল ইউনাইটেড তোরাহ জুডাইজম এবং শাসের সমর্থন পেলে তাঁর আসন সংখ্যা দাঁড়াবে ঠিক ৬১-তে। আইজেনকোট দ্রুততম সময়ের মধ্যে জরুরি সরকার গঠনের ইচ্ছা ব্যক্ত করেছেন।
নেতানিয়াহুর মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন করা আইজেনকোট সরকার গঠনের জন্য ছয় সপ্তাহ সময় পাচ্ছেন। এর মধ্যে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তিনি নেতানিয়াহু ও তাঁর সামরিক সচিবের সাথে বৈঠক করেছেন। তবে তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে নতুন করে বড় ধরনের কোনো সামরিক পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানিয়েছেন।
প্রাক্তন সামরিক প্রধান গাদি আইজেনকোট ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলি বাহিনীর নেতৃত্ব দেন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় হামলা শুরুর পর প্রথম আট মাস তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন ক্যাবিনেটে পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।