আসন্ন পহেলা বৈশাখের দিনে দেশের কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদ সচিবালয়ে রোববার (১৫ মার্চ) অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী এ কার্যক্রমের মাঠপর্যায়ের শুরু ১৪ এপ্রিল নির্ধারণ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এই আধুনিক ডেটাবেইস ও কার্ড প্রকল্প কৃষকদের জীবনমান উন্নয়ন এবং কৃষি ভর্তুকি ও সহায়তা সরাসরি কৃষকের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে নেওয়া হয়েছে।
উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আমিন উর রশীদ, প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ এবং স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
বৈঠকে আশা প্রকাশ করা হয়েছে, কৃষক কার্ড প্রবর্তনের মাধ্যমে কৃষি খাতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং প্রকৃত কৃষকরা সহজেই সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ করতে পারবেন। পহেলা বৈশাখের উৎসবে এই কর্মসূচির উদ্বোধন দেশের কৃষি অর্থনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।