আন্তর্জাতিক ডেস্ক: ২৫ নভেম্বর ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
পাকিস্তানের গুজরাতে বিষযুক্ত নুডলস খাইয়ে সানিয়া বিবি (২০) নামের এক তরুণীকে শ্বাসরোধ করে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই হত্যাকাণ্ডে অভিযুক্ত তরুণীর বোন সালমা বিবি এবং তাঁর বন্ধু নাজাকাত আলীকে পুলিশ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে।
পুলিশ কর্মকর্তাদের বরাতে জানা গেছে, সালমা বিবি আশঙ্কায় ছিলেন যে তাঁর বোন সানিয়া তাঁদের মধ্যকার সম্পর্ক ভেঙে দেবেন এবং বিষয়টি বাবা-মাকে জানিয়ে দেবেন। এই ভয়েই তিনি বন্ধু নাজাকাত আলীর সঙ্গে মিলে বোনকে হত্যার পরিকল্পনা করেন।
তদন্তকারীদের মতে, অভিযুক্ত দুজন প্রথমে নুডলসের সঙ্গে বিষাক্ত ট্যাবলেট মিশিয়ে তা সানিয়া বিবিকে খেতে দেন। বিষের প্রভাবে সানিয়া শারীরিক দুর্বল হয়ে পড়লে তাঁরা তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ উঠেছে।
ঘটনাটিকে দুর্ঘটনাজনিত বা বিষক্রিয়া হিসেবে চালিয়ে দেওয়ার জন্য অভিযুক্ত সালমা নিজেও অল্প পরিমাণে সেই বিষাক্ত নুডলস খেয়েছিলেন বলে পুলিশ জানিয়েছে।
নিহত সানিয়ার বাবা রিফাত আলীর অভিযোগের ভিত্তিতে ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে ঘটনাটির বিষয়ে আরও বিস্তারিত তদন্ত চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর বার্সার বাসিন্দা দুই বোন নুডলস খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর প্রকাশিত হয়। ঘটনাটি নজরে আসার পর ডিপিও ফয়সাল শেহজাদ দৌলত নগর পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছিলেন।
পরবর্তীতে আধুনিক তদন্ত প্রযুক্তি ব্যবহার করে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত এই মূল অভিযুক্তদের চিহ্নিত করতে এবং তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।