আন্তর্জাতিক ডেস্ক: ৬ নভেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
পাকিস্তান টেলিকম কর্তৃপক্ষ (পিটিএ) ও প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা যৌথ উদ্যোগ নিয়ে ১ লাখ ৭৬ হাজার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্লক করেছে। পুনঃসংযোজিত বা রিসাইকেল করা মোবাইল নম্বরের মাধ্যমে পরিচালিত এসব অ্যাকাউন্টের সাহায্যে সাইবার অপরাধ এবং আর্থিক জালিয়াতি সংঘটিত হচ্ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পিটিএ জানিয়েছে, যেসব সিম দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় বা বাতিল করা হয়েছিল, পরবর্তীতে সেগুলোর ডেটা ব্যবহার করে তৈরি করা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের মাধ্যমে অনিয়ম ও জালিয়াতির খবর পাওয়া যায়। এই অভিযোগগুলোর ভিত্তিতেই মেটার সঙ্গে সমন্বয় করে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়।
সাইবার জালিয়াতি বন্ধে পিটিএ মেটার কাছে প্রায় ১ কোটি রিসাইকেল করা মোবাইল নম্বরের একটি তালিকা হস্তান্তর করেছে। মেটা এসব নম্বরের সঙ্গে যুক্ত হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টগুলোর সত্যতা যাচাই করে সেগুলো নিষ্ক্রিয় বা ব্লক করার কাজ করছে।
অনলাইন নিরাপত্তার এই সুরক্ষাব্যবস্থা স্থায়ী করার লক্ষ্যে মেটা এবং পিটিএ-র মধ্যে একটি নতুন চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী পিটিএ প্রতি মাসে ৫ হাজার রিসাইকেল করা নম্বরের তালিকা মেটার কাছে পাঠাবে, যাতে মেটা দ্রুত সেগুলোর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট বাতিল করতে পারে।
তথ্য অনুযায়ী, বর্তমানে পাকিস্তানের টেলিকম অপারেটরদের কাছে প্রায় ১ কোটি ৬০ লাখ রিসাইকেল করা নম্বর রয়েছে। মূল সিমটি বাতিল হলেও যদি পুরনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় থাকে, তবে নতুন ব্যবহারকারী বা সাইবার অপরাধীরা সেই অ্যাকাউন্টের সুযোগ নিয়ে অপব্যবহার করতে পারে।
পিটিএ-র কর্মকর্তারা জানিয়েছেন, বিগত এক বছরে তাদের পাঠানো ৮২ শতাংশ অভিযোগের ওপর দ্রুত পদক্ষেপ নিয়ে সমস্যাগুলোর সমাধান করেছে মেটা। দেশটির টেলিকম নিয়ন্ত্রক সংস্থাটি নিয়মিত যোগাযোগ রেখে এ ধরনের প্ল্যাটফর্মগুলোর অপব্যবহার রোধে কাজ করছে।
নিয়ন্ত্রক সংস্থার এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো দেশটির ডিজিটাল নিরাপত্তা জোরদার করা এবং নাগরিকদের আর্থিক ও অনলাইন প্রতারণা থেকে রক্ষা করা। বাতিল হওয়া পুরনো নম্বর পুনরায় বিক্রির পর যাতে সেগুলোর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কেউ খারাপ উদ্দেশ্যে ব্যবহার করতে না পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।