
পিলখানা হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বিএনপি ও আওয়ামী লীগকে একসঙ্গে কড়া সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম দাবি করেন, ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে গোপন সমঝোতা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, মাঠপর্যায়ে এককভাবে জয়ের সম্ভাবনা না দেখে বিএনপি আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপন বৈঠক করে এবং বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। প্রশাসনের একটি অংশ এবং দেশের ভেতরে-বাইরের কিছু এজেন্টের সহায়তায় নির্বাচন ‘ইঞ্জিনিয়ারিং’ করে সরকার গঠনের অভিযোগও তোলেন তিনি।
পিলখানা হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, যে আওয়ামী লীগ পরিকল্পনা করে এ ঘটনা ঘটিয়েছে বলে তার দাবি, সেই দলের রাষ্ট্রপতিকে সঙ্গে নিয়ে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানানো মূলত হত্যাকাণ্ডকে ‘মশকরা’ করার শামিল।
এনসিপি নেতা আরও দাবি করেন, আওয়ামী লীগের পুনর্বাসনের দায়িত্ব বিএনপি নিয়েছে। তিনি উল্লেখ করেন, যে আওয়ামী লীগ তারেক রহমান-কে দীর্ঘদিন দেশে ফিরতে দেয়নি এবং বেগম খালেদা জিয়া-কে কারাবন্দি রেখেছিল, সেই দলের সঙ্গেই এখন বিএনপির সমঝোতা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি।
বিএনপির তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশে সারজিস সতর্কবার্তা দিয়ে বলেন, ভবিষ্যতে যদি আওয়ামী লীগের হাতে তারা আবার নির্যাতিত হন, তার দায় নেতৃত্বকেই নিতে হবে। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া কর্মীদের ওপর পুনরায় হামলা বা হত্যার ঘটনা ঘটলে তার দায়ও বিএনপি নেতৃত্বকে নিতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
স্ট্যাটাসের শেষাংশে তিনি বর্তমান রাজনৈতিক পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধিক্কার জানান। পরবর্তী মন্তব্যে তিনি দাবি করেন, গত ১৬ বছরে বিএনপির কিছু শীর্ষ নেতা আওয়ামী লীগের সঙ্গে সমঝোতায় ছিল বলেই দলটি তিনবারের ‘ভোট চুরি’র পরও কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।
সারজিস আলমের এই স্ট্যাটাস ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে।
