পে স্কেল নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি, কমিশন কাজ করছে: অর্থ উপদেষ্টা
নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, নির্বাচনের আগে পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত হবে কি না, তা পুরোপুরি পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করবে। তবে অন্তর্বর্তী সরকারের সময় পে স্কেল দেওয়া বা না দেওয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান অর্থ উপদেষ্টা। এদিন দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বিষয়টি ব্যাখ্যা করেন।
দেশের জ্বালানি পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, জ্বালানি সরবরাহ বর্তমানে সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হচ্ছে। তিনি জানান, সারা দেশে এলপি গ্যাস নিয়ে কাজ চলছে এবং জ্বালানি খাতে স্থিতিশীলতা আনতে বিভিন্ন উদ্যোগ বিবেচনায় রয়েছে।
নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর জন্য ‘বডি অন ক্যামেরা’ কেনার বিষয়ে এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, এ খাতে প্রয়োজনীয় অর্থ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রয়েছে এবং সেখান থেকেই ক্যামেরা কেনা হবে।
অর্থ উপদেষ্টা আরও জানান, সরকার অর্থনৈতিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সংশ্লিষ্ট কমিশন ও দপ্তরের সুপারিশের ভিত্তিতেই নেওয়া হবে।
