বরুড়ায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই বোনের মৃত্যু

লেখক:
প্রকাশ: ২৩ ঘন্টা আগে

অনলাইন ডেস্ক: ৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

কুমিল্লার বরুড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সী যমজ দুই বোনের করুণ মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে হৃদয়বিদারক এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশুর নাম জুনাইরা আক্তার ও তাসলিমা আক্তার।

স্থানীয় বাসিন্দাদের তথ্যানুযায়ী, আজ সকালে দুই শিশু বাড়ির পাশেই একটি পুকুরপাড়ে খেলছিল। খেলার একপর্যায়ে তারা সবার অলক্ষ্যে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন এবং পুকুর থেকে দুই শিশুকে উদ্ধার করেন।

উদ্ধারের পর স্বজনেরা তড়িঘড়ি করে তাদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, নিহত দুই শিশু কাছিয়াপুকুরিয়া গ্রামের কৃষক জসীম উদ্দিন ও তাঁর দ্বিতীয় স্ত্রীর সন্তান। জসীম উদ্দিনের দ্বিতীয় স্ত্রীর সংসারে এই দুই সন্তান ছাড়া আর কোনো সন্তান নেই। তবে তাঁর প্রথম স্ত্রীর সংসারে দুই ছেলে রয়েছে।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বেলা ১১টার দিকে যমজ দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়। পরবর্তীতে চিকিৎসক মৃত ঘোষণা করলে স্বজনেরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

ঘটনার বিষয়ে বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক দুপুরে জানান, পুকুরের পানিতে ডুবে যমজ দুই শিশুর মৃত্যুর খবর পুলিশ পেয়েছে। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

  • কুমিল্লা
  • দুর্ঘটনা
  • পুকুরে ডুবে মৃত্যু
  • বরুড়া
  • যমজ বোন