বাংলাদেশ ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভূমিহীন কৃষকদের পুনর্বাসনের লক্ষ্যে ৯৯ বছরের জন্য বন্দোবস্ত দেওয়া খাস জমি ২৬ বছর পেরিয়ে গেলেও হস্তগত হয়নি। স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও বিলের ইজারাদারদের বাধার মুখে বন্দোবস্ত পাওয়া ১৭২ জন ভূমিহীন কৃষক ও তাদের পরিবার সেখানে চাষাবাদ বা প্রবেশ করতে পারছেন না। জেলা ও উপজেলা প্রশাসনের দ্বারে দ্বারে একাধিকবার ঘুরেও কোনো সুরাহা মেলেনি বলে ভুক্তভোগীদের অভিযোগ।
অনুসন্ধানে জানা গেছে, ফরদাবাদ ইউনিয়নের বাড়িয়াদহ বিল, সাতদোনা, কাজিরচর এবং রুপসদী (দক্ষিণ) মৌজায় ১৯৯৯-২০০০ অর্থবছরে সরকারের পক্ষ থেকে ১৭২ জন ভূমিহীনকে এক একর করে খাস জমি বরাদ্দ দেওয়া হয়। তবে এসব জমি বর্তমানে কাগজ-কলমে তাদের নামে থাকলেও বাস্তবে তা স্থানীয় প্রভাবশালী ও বিলের ইজারাদারদের দখলে রয়েছে। আশপাশের জমির মালিকেরা সীমানা অতিক্রম করে ভূমিহীনদের জমি দখল করেছেন এবং বিলের ইজারাদাররা সেখানে মাছ চাষ করছেন বলে ভুক্তভোগীরা জানান।
ভুক্তভোগীদের অভিযোগ, জমিতে ধানের চারা রোপণ করতে গেলে বাধা দেওয়া হয় এবং ফসল ফলাতে না দেওয়ার জন্য বিলের ইজারাদাররা ইচ্ছাকৃতভাবে কচুরিপানা আটকে রাখেন। ইতোমধ্যে বন্দোবস্ত পাওয়া মূল মালিকদের অনেকে মারা গেছেন। পৈতৃকসূত্রে পাওয়া ওই জমিতে গিয়ে তাদের সন্তানরাও বাধার মুখে পড়েছেন। এমনকি ভূমিহীনদের জমি থেকে বিভিন্ন সময় বালু তুলে বিক্রি করার অভিযোগও রয়েছে প্রভাবশালীদের বিরুদ্ধে।
আদালতের নথিসূত্রে জানা যায়, জমির দখল ফিরে পেতে ২০১৭ সালের ৮ জানুয়ারি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ভূমিহীন কৃষক মামুন মিয়া। ওই মামলায় বিলের ইজারাদার ফরদাবাদ রূপসদী ধীবর সমবায় সমিতির সভাপতি গোপাল দাস ও সাধারণ সম্পাদক নরেষ দাসসহ নয়জনকে আসামি করা হয়। ২০১৯ সালের ৩০ জানুয়ারি বিচারক জাকী আল ফারাবী অভিযুক্তদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। তবে আদালতের রায়ের পরও জমির দখল ছাড়েনি প্রভাবশালীরা।
দড়িকান্দি সমবায় সমিতির সভাপতি রজব আলী জানান, প্রথম দিকে দু-এক বছর তারা কিছু ধান ফলাতে পারলেও পরে বাধা ও দখলের কারণে আর জমিতে নামতে পারেননি। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার (ভূমি) বরোবরে একাধিক লিখিত আবেদন করা হলেও প্রশাসনিক সমাধান মেলেনি। দড়িকান্দি গ্রামের ভুক্তভোগী রফিকুল ইসলাম ও সাহীন মিয়া জানান, জমিতে বাধা দেওয়ায় কৃষকরা মানবেতর জীবনযাপন করছেন।
এদিকে অভিযোগ স্বীকার করে ফরদাবাদ-রুপসদী ধীবর সমিতির সদস্য বাদল দাস জানান, জমি নিয়ে বিরোধের জেরে মামলা হওয়ার পর বিলের অংশ থেকে বাদীপক্ষের জমি আলাদা করে মেপে দেওয়া হয়েছিল। তবে বন্দোবস্ত পাওয়া জমিতে বাঁধ দিয়ে তাদের মাছ চাষের বিষয়টি সত্য বলে তিনি স্বীকার করেন।
এ বিষয়ে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান খান জানান, বন্দোবস্ত পাওয়া ভূমিহীন পরিবারগুলো যদি জমিতে যেতে বা ফসল ফলাতে বাধার সম্মুখীন হয়, তবে তাদেরকে লিখিত অভিযোগ জমা দেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। অভিযোগ পেলে বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হবে এবং নির্দেশ অনুযায়ী পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: সমকাল

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।