
গাইবান্ধা প্রতিনিধি.
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিন ব্যাপী শোক দিবসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গাইবান্ধায় আজ থেকে শোক দিবস শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে গাইবান্ধা জেলা বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই শোক সপ্তাহের আনুষ্ঠানিক সূচনা করা হয়। কেন্দ্রীয় কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে জেলা বিএনপির পক্ষ থেকে আগামী সাত দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে যার মধ্যে রয়েছে কোরআন খতম,কালো ব্যাজ ধারণ,গণস্বাক্ষর এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল।
শোকের প্রথম দিনে জেলা কার্যালয়সহ উপজেলা পর্যায়ের অফিসগুলোতেও শোকের ছায়া নেমে আসে এবং নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে তাদের প্রিয় নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।সাত দিন জেলার প্রতিটি ইউনিট ও অঙ্গসংগঠন পর্যায়ক্রমে স্মরণ সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণের মতো কর্মসূচি পালন করবে যাতে করে সাধারণ মানুষও এই শোকের অংশীদার হতে পারে। পুরো জেলা জুড়ে এখন শোকাবহ পরিবেশ বিরাজ করছে এবং নেত্রীকে হারানোর বেদনায় গাইবান্ধার রাজপথের সাধারণ কর্মীদের মাঝেও গভীর আবেগ ও শোক লক্ষ্য করা গেছে।
