বৈশাখী ঝড়ে মর্মান্তিক মৃত্যু: গাছচাপায় প্রাণ গেল মা ও দুই মেয়ের

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ ঘন্টা আগে
 বৈশাখী ঝড়ে মর্মান্তিক মৃত্যু: গাছচাপায় প্রাণ গেল মা ও দুই মেয়ের

জামালপুরের মেলান্দহ উপজেলায় বৈশাখী ঝড়ে বসতবাড়ির ওপর গাছ ভেঙে পড়ে মা ও তার দুই মেয়ের করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার নয়ানগর ইউনিয়নের দাগী এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—খুকি বেগম, তার মেয়ে ফরিদা আক্তার ও ফতে আক্তার। তারা সবাই একই ঘরে ঘুমিয়ে ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ শুরু হওয়া ঝড়ে ঘরের পাশের চারটি বড় গাছ উপড়ে গিয়ে তাদের ঘরের ওপর ভেঙে পড়ে। এতে ঘরের ভেতরেই চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা।

সোমবার সকালে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থলে নেমে আসে শোকের ছায়া, এলাকাজুড়ে সৃষ্টি হয় হৃদয়বিদারক পরিবেশ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা জানান, বিষয়টি অবগত হওয়ার পর প্রশাসন ঘটনাস্থলে যাচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মেলান্দহ থানার এসআই হুমায়ুন কবির জানান, মরদেহগুলোর সুরতহাল সম্পন্ন হয়েছে এবং ময়নাতদন্তের প্রস্তুতি চলছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • বৈশাখী ঝড়ে মর্মান্তিক মৃত্যু: গাছচাপায় প্রাণ গেল মা ও দুই মেয়ের