ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধর, মাদক ও মারামারিসহ বিভিন্ন অভিযোগে দায়ের হওয়া ১৮ মামলার আসামি চাঁদ মিয়া ওরফে চাঁন মিয়া (৪৫)কে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) ভোর ৫টার দিকে শহরের বাগানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। চাঁন মিয়া সদর উপজেলার কান্দিপাড়া গ্রামের মৃত ফজলু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশের নিয়মিত ও বিশেষ অভিযানের অংশ হিসেবে বাগানবাড়ি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চাঁন মিয়াকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি, পুলিশকে মারধর, মাদক, মারামারি ও ছিনতাইসহ বিভিন্ন অভিযোগে মোট ১৮টি মামলা রয়েছে। এর মধ্যে একটি মারামারির মামলা বর্তমানে তদন্তাধীন। এছাড়া তার বিরুদ্ধে একটি গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।
পুলিশের দাবি, চাঁন মিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয়দের অভিযোগ, তার কর্মকাণ্ডে শহরের আনন্দবাজার ও কান্দিপাড়া এলাকার বাসিন্দারা অতিষ্ঠ ছিলেন। তার গ্রেপ্তারের খবরে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে বলে জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, চাঁন মিয়ার বিরুদ্ধে ছিনতাই, মাদকসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। পুলিশের বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরে বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদক, ছিনতাই ও কিশোর গ্যাংবিরোধী পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।