ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা স্কুল মসজিদ সংলগ্ন মাঠে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে মরহুম সৈয়দ চান্দ আলী বাড়ি স্পোর্টিং ক্লাবের জয়।
ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা স্কুল মসজিদ সংলগ্ন মাঠে নাইট শর্ট সার্কেল ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২ নভেম্বর রাতে অনুষ্ঠিত ফাইনালে প্রাচীনতম সুপার কান্দীপাড়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মরহুম চান্দ আলী বাড়ি স্পোর্টিং ক্লাব। ফাইনাল ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ৭৪ রান সংগ্রহ করে প্রাচীনতম সুপার কান্দীপাড়া।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৭ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মরহুম চান্দ আলী বাড়ি স্পোর্টিং ক্লাব। গত ২০ অক্টোবর শুরু হওয়া এ টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশ নেয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, সুহিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন খন্দকার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় অতিথিবৃন্দ বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলে।
এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করে এবং সামাজিক সম্প্রীতি জোরদারে ভূমিকা রাখে। তাই নিয়মিত খেলাধুলার আয়োজন ও তরুণদের মাঠমুখী করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।