ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ডিলারকে জরিমানা

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে এলপিজি সিলিন্ডার বিক্রি, ডিলারকে জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া শহরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে এক ডিলারকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে সদর উপজেলার রাধিকা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী এই জরিমানা করেন। অভিযানে ওই বাজারের ‘মায়ের দোয়া’ নামের প্রতিষ্ঠানের মালিক ও এলপিজি গ্যাস ডিলার মো. হেলাল মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। অভিযানে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে এলপিজি সিলিন্ডার বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া দোকানে কোনো মূল্য তালিকা প্রদর্শন করা হয়নি বলেও তিনি জানান।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় দোকান মালিক মো. হেলাল মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই কর্মকর্তা।