ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুইদিনের রিমান্ড

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুইদিনের রিমান্ড

 

ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুইদিনের রিমান্ড দিয়েছেন আদালত। সোমবার (৫ জানুয়ারি) সকালে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রট আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সকালেই তাকে আদালতে তোলা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে তার সমর্থকরা বিক্ষোভ প্রদর্শন করেন।

প্রতারণার অভিযোগে জানা গেছে, গুলশানের এক ব্যবসায়ীর কাছে জুলাই আন্দোলনের মামলার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাহরিমার বিরুদ্ধে। এই সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা।

অভিযোগে বলা হয়েছে, গত বছরের জুলাই-আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় ঘটে যাওয়া হত্যা মামলায় নাম জড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয়। চক্রটি আসামি বানানো, পুলিশি হয়রানি, গ্রেপ্তারের ভয় দেখানো এবং ‘মীমাংসা’ করে দেয়ার নাম করে বিপুল অঙ্ক দাবি করত।

তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড এবং টার্গেট করা লাইভের কারণে তিনি পরিচিত। অভিযোগ অনুযায়ী, নিজের ভাইরাল পরিচিতি ব্যবহার করে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরবর্তীতে ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।

গত বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

  • ব্ল্যাকমেইল ও প্রতারণার অভিযোগে ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে দুইদিনের রিমান্ড