কিশোরগঞ্জের ভৈরবে রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে ২৬ মামলার আসামিসহ ২৯ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যও রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত ভৈরব শহরের বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এ অভিযান চালানো হয়। পরে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে সোহাগ মিয়া (৩২) নামে একজনের বিরুদ্ধে ২৬টি মামলা রয়েছে। এছাড়া হাসান মিয়া (২৩) চার মামলার আসামি। অভিযানে মাদক, ডাকাতির প্রস্তুতি, পরোয়ানাসহ বিভিন্ন মামলায় জড়িতদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ২৯ জনের মধ্যে ১৮ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মাদক সেবন, বিক্রি ও বহনের অভিযোগে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাদের এ সাজা দেন।
এ ছাড়া নিয়মিত মাদক মামলায় একজন, ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন, জিআর/সিআর পরোয়ানাভুক্ত চারজন এবং সন্দেহভাজন চারজনসহ অন্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদকমুক্ত করতে এ অভিযান চালানো হয়েছে। রাত ১২টার পর প্রয়োজন ছাড়া সন্তানদের বাইরে না রাখার জন্য অভিভাবকদেরও সচেতন করেন তিনি।
ভৈরব সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু মুছা শেখ বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।