ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইসির, কঠোর বার্তা জামায়াত আমিরের

লেখক: Arisha Eme
প্রকাশ: ২ মাস আগে
ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ইসির, কঠোর বার্তা জামায়াত আমিরের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটকেন্দ্রে ভোটারদের মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি ইসির উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দেন। পোস্টে জামায়াত আমির বলেন, এই দেশের মানুষ একটি স্বাধীন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, আর এই অধিকার রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। মানুষ নিজের পছন্দের প্রার্থীকে নির্ভয়ে ভোট দিতে চায়, প্রার্থী ও প্রতীক নিয়ে উৎসবমুখর পরিবেশে অংশ নিতে চায়।

নির্বাচনের দিনকে গণতন্ত্রের উৎসবের দিনে পরিণত হওয়া উচিত উল্লেখ করে তিনি বলেন, সেদিন ভোটাররা গর্বভরে লাইনে দাঁড়াবে, ছবি তুলবে এবং নিজের পছন্দের স্বাধীনতাকে উপভোগ করবে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নেই।

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ যদি এই অধিকার কেড়ে নিতে চায় বা এতে হস্তক্ষেপ করার চেষ্টা করে, তবে তার মনে রাখা উচিত—এই জাতি প্রস্তুত। বিশেষ করে তরুণ প্রজন্ম অধিকার রক্ষায় সদা প্রস্তুত আছে উল্লেখ করে তিনি বলেন, ভোটের অধিকার একবার লড়াই করে অর্জিত হয়েছে, প্রয়োজনে এই অধিকার আবারও লড়াই করেই রক্ষা করা হবে, ইনশাআল্লাহ।