মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মাত্রা, ইয়েমেন থেকে ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ মাস আগে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মাত্রা, ইয়েমেন থেকে ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে নতুন মোড় নিয়েছে পরিস্থিতি। হুথি বিদ্রোহী গোষ্ঠী আনুষ্ঠানিকভাবে যুদ্ধে যুক্ত হয়ে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি সংঘাত শুরু হওয়ার পর এই প্রথম ইয়েমেন থেকে সরাসরি ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালানো হলো।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। সম্ভাব্য হামলার সতর্কতায় দেশজুড়ে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তবে প্রায় ১৫ মিনিট পর পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে আবার স্বাভাবিক অবস্থায় ফেরার অনুমতি দেওয়া হয়।

হামলার আগে হুথি বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি টেলিগ্রামে এক বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে তারা সরাসরি যুদ্ধে অংশ নেবে। তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে অন্য কোনো দেশ ইরানের বিরুদ্ধে অবস্থান নিলে, কিংবা লোহিত সাগর ব্যবহার করে সামরিক কার্যক্রম চালানো হলে হুথিরা আরও বড় ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত।

হুথিরা মূলত ইয়েমেনের শিয়া মুসলিম জাইদি সম্প্রদায়ের প্রতিনিধিত্বকারী একটি সশস্ত্র গোষ্ঠী, যারা ‘আনসার আল্লাহ’ নামেও পরিচিত। গোষ্ঠীটি নিজেদের অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স-এর অংশ হিসেবে দাবি করে, যেখানে হামাস এবং হিজবুল্লাহ-এর মতো সংগঠনও রয়েছে। বর্তমানে সংগঠনটির নেতৃত্বে রয়েছেন আব্দুল মালিক আল-হুথি

বিশ্লেষকদের মতে, ইয়েমেন থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও জটিল ও বিস্তৃত করে তুলেছে। এতদিন সংঘাত মূলত ইসরায়েল, ইরান ও লেবানন ঘিরে সীমাবদ্ধ থাকলেও হুথিদের সরাসরি অংশগ্রহণ লোহিত সাগর অঞ্চলের নিরাপত্তা এবং বৈশ্বিক বাণিজ্য পথের জন্যও নতুন ঝুঁকি তৈরি করেছে।

পর্যবেক্ষকদের আশঙ্কা, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি এর পাল্টা জবাব দেয়, তবে সংঘাত আরও বিস্তৃত হয়ে পুরো অঞ্চলে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি করতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন গভীর উদ্বেগের সঙ্গে পরিস্থিতির দিকে নজর রাখছে।

  • ইয়েমেন থেকে ইসরায়েলে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধে নতুন মাত্রা