মধ্যপ্রাচ্য যুদ্ধের এক মাস: নেতৃত্বহীন ইরান, প্রাণহানি তিন হাজার ছাড়াল

মধ্যপ্রাচ্য যুদ্ধের এক মাস: নেতৃত্বহীন ইরান, প্রাণহানি তিন হাজার ছাড়াল
মধ্যপ্রাচ্য যুদ্ধের এক মাস: নেতৃত্বহীন ইরান, প্রাণহানি তিন হাজার ছাড়াল
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এক মাস পূর্ণ করেছে। এই এক মাসে পরিস্থিতি আরও জটিল ও ভয়াবহ হয়ে উঠেছে। সংঘাতের মধ্যে ইরান হারিয়েছে তাদের সর্বোচ্চ নেতা- আলী খামেনি-সহ গুরুত্বপূর্ণ সামরিক ও প্রশাসনিক নেতৃত্বকে। একইসঙ্গে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়া এই যুদ্ধে এখন পর্যন্ত তিন হাজারেরও বেশি মানুষের প্রাণহানির খবর পাওয়া গেছে।

ইরানের পাল্টা হামলায় মার্কিন ও ইসরাইলি বাহিনীর অন্তত ৩৬ সদস্য নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছেন। এক মাস পেরিয়ে গেলেও সংঘাত থামার কোনো লক্ষণ নেই; বরং নতুন নতুন ফ্রন্টে উত্তেজনা ছড়িয়ে পড়ছে।

গত ২৮ ফেব্রুয়ারি পারমাণবিক ইস্যু এবং ইরানের নেতৃত্ব পরিবর্তনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে প্রথম হামলা চালায়। হামলার প্রথম দিনেই নিহত হন আয়াতুল্লাহ আলী খামেনি। একই সময় গুরুতর আহত হওয়ার গুঞ্জন ওঠে সম্ভাব্য নতুন নেতা মোজতবা খামেনিকে ঘিরে।

সেদিনই নিহত হন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আমির নাসিরজাদেহ এবং বিপ্লবী গার্ড কমান্ডার মোহাম্মদ পাকপুর। পরবর্তীতে জাতীয় নিরাপত্তা প্রধান আলি লারিজানি এবং নৌবাহিনীর কমান্ডার আলি রেজা তাংসিরিও নিহত হন বলে জানা গেছে।

শুধু নেতৃত্ব নয়, বেসামরিক জনগণের ওপরও এই সংঘাতের ভয়াবহ প্রভাব পড়েছে। ইরানে এখন পর্যন্ত প্রায় ১ হাজার ৯০০ জন নিহত এবং ২০ হাজারের বেশি আহত হয়েছেন। হামলার প্রথম দিনেই মিনাবের একটি স্কুলে আঘাতে ১৭৫ জনেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক প্রাণ হারান, যা বিশ্বজুড়ে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

সংঘাতের প্রভাব ছড়িয়ে পড়েছে লেবানন, ইরাক ও ফিলিস্তিনেও। লেবাননে ইসরাইলি হামলায় প্রাণ গেছে ১ হাজার ১৪২ জনের, যাদের মধ্যে ১২২ শিশু ও ৪২ স্বাস্থ্যকর্মী রয়েছেন। ইরাকে নিহত হয়েছেন ৯৬ জন এবং কুর্দিস্তান অঞ্চলে ১৩ জন।

অন্যদিকে ইসরাইলে ১৯ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন এবং দক্ষিণ লেবাননে নিহত হয়েছে তাদের চার সেনা। পশ্চিম তীরে সহিংসতায় অন্তত ৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রেরও ১৩ সেনাসদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

এছাড়া ইরানের হামলার প্রভাবে পারস্য উপসাগরীয় অঞ্চলেও প্রাণ হারিয়েছেন ৩০ জনের বেশি মানুষ, যাদের মধ্যে বাংলাদেশিসহ অনেক অভিবাসী শ্রমিক রয়েছেন।

বিশ্লেষকদের মতে, সংঘাত যদি দ্রুত থামানো না যায়, তাহলে এটি পুরো মধ্যপ্রাচ্যজুড়ে আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে এবং এর প্রভাব বৈশ্বিক রাজনীতি, অর্থনীতি ও মানবিক পরিস্থিতিতে গভীর সংকট সৃষ্টি করবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ