— বিজ্ঞাপন —

মহাকাশে রুশ পারমাণবিক স্যাটেলাইট হুমকির খবরে ন্যাটোর কঠোর সতর্কবার্তা

মহাকাশে রাশিয়া পারমাণবিক অস্ত্রসজ্জিত স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে—এমন প্রতিবেদন সামনে আসার পর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে নেটোর মহাসচিব মার্ক রুটে ও জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস।
মহাকাশে রুশ পারমাণবিক স্যাটেলাইট হুমকির খবরে ন্যাটোর কঠোর সতর্কবার্তা
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ২৪ নভেম্বর ২০২৬, ৫:৫০ অপরাহ্ন

মহাকাশে রাশিয়া পারমাণবিক অস্ত্রসজ্জিত স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি নিচ্ছে—এমন সাম্প্রতিক প্রতিবেদনগুলোর পর যেকোনো ধরনের সামরিক ঝুঁকি থেকে ন্যাটোর সদস্য রাষ্ট্রগুলোকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছেন জোটের মহাসচিব মার্ক রুটে। জার্মানির সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে রাশিয়া সম্ভাব্য এই উৎক্ষেপণ চালাতে পারে বলে চলতি মাসে ন্যাটো দেশগুলোর মধ্যে গোয়েন্দা তথ্য শেয়ার করা হয়েছে। তবে কোন দেশ এই প্রতিবেদন তৈরি করেছে তা স্পষ্ট হওয়া যায়নি।

বার্লিনে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস-এর সঙ্গে আয়োজিত এক যৌথ সংবাদ সম্মেলনে ন্যাটো প্রধান বলেন, “ন্যাটো ভূখণ্ডের প্রতি ইঞ্চি রক্ষা নিশ্চিত করব আমরা। মহাকাশ উপাদানের ক্ষেত্রেও আমরা যেন নিরাপদ থাকি, সেটিও এর অন্তর্ভুক্ত।” তিনি আরও জানান, সামরিক ক্ষেত্রে ন্যাটো তাদের প্রতিরোধ ও প্রতিরক্ষা ব্যবস্থা পর্যালোচনা করে এবং প্রয়োজন অনুযায়ী হালনাগাদ করে থাকে।

— বিজ্ঞাপন —

জার্মান সংবাদমাধ্যম এনডিআর, ডব্লিউডিআর এবং জ্যুদডয়চে সাইতুং-এর প্রতিবেদনে বেনামী সামরিক ও গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে বলা হয়, রাশিয়ার সম্ভাব্য এই স্যাটেলাইটের নাম দেওয়া হয়েছে ‘স্পুটনিক-এস’। এটি পারমাণবিক ওয়ারহেডে সজ্জিত এবং যোগাযোগের পাশাপাশি পর্যবেক্ষণকারী স্যাটেলাইটগুলোকে অচল বা ধ্বংস করতে সক্ষম।

জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস এই ধরনের খবরকে আশঙ্কাজনক উল্লেখ করে বলেন, রাশিয়া কোন মাত্রার সামরিক উত্তেজনা বাড়াতে প্রস্তুত, এটি তারই ইঙ্গিত দেয়। তবে জার্মান সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস কাল্পনিক বিপদ নিয়ে অতিরিক্ত আতঙ্ক সৃষ্টি না করার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ইউরোপীয় স্পেস এজেন্সির প্রধান জোসেফ আশবাখার মহাকাশে পারমাণবিক অস্ত্রের উপস্থিতি সংবলিত পরিস্থিতিকে চরম দুঃস্বপ্ন হিসেবে বর্ণনা করেছেন।

রাশিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ জানিয়েছেন, তিনি এসব প্রতিবেদন দেখেননি, তবে অজ্ঞাত সূত্রের খবরে কান দেওয়ার কিছু নেই বলে উড়িয়ে দিয়েছেন। বার্লিনে অবস্থিত রুশ দূতাবাসও এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন এবং প্রোপাগান্ডা অভিযানের অংশ বলে প্রত্যাখ্যান করেছে। ১৯৬৭ সালের আউটার স্পেস চুক্তির অধীনে মহাকাশে গণবিধ্বংসী অস্ত্র মোতায়েন নিষিদ্ধ, যাতে রাশিয়াও স্বাক্ষরকারী একটি দেশ।

ডারহাম ইউনিভার্সিটির স্পেস রিসার্চ সেন্টারের সহ-পরিচালক ব্লেডিন বোয়েন মন্তব্য করেছেন, মহাকাশে পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণ ঘটলে ১৫ হাজারের বেশি সক্রিয় স্যাটেলাইটের অবকাঠামোগত মারাত্মক ক্ষতি হবে। তবে এমন পদক্ষেপের ফলে রাশিয়ার নিজস্ব মহাকাশ অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হতে পারে। যুক্তরাষ্ট্র অতীতেও রাশিয়ার বিরুদ্ধে এমন স্যাটেলাইট-বিরোধী পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ এনেছিল, যা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগে থেকেই অস্বীকার করে আসছেন।

সূত্র: BBC World (English)
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

— বিজ্ঞাপন —
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗