মানিলন্ডারিং মামলা: জেলগেটে জিজ্ঞাসাবাদের মুখে পলক

লেখক: Sanjida
প্রকাশ: ৩ ঘন্টা আগে
মানিলন্ডারিং মামলা: জেলগেটে জিজ্ঞাসাবাদের মুখে পলক

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক-কে একদিনের জন্য জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

মামলার তদন্তকারী সংস্থা দুর্নীতি দমন কমিশন-এর পক্ষে সহকারী পরিচালক আল-আমিন আদালতে আবেদন করেন। তিনি বলেন, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে কারান্তরীণ আসামি পলককে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১২ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান সমন্বিত ঢাকা জেলা কার্যালয়-১ এ এ মামলা দায়ের করেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারাসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত পলক অবৈধ উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৮ কোটি ৭৩ লাখ ৪৭ হাজার ৪২ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করে তা ভোগদখলে রেখেছেন।

এছাড়া তার নামে ২৫টি ব্যাংক হিসাবে মোট ৩২ কোটি ৪ লাখ ৯৫ হাজার ৩১৪ টাকা জমা এবং ২৯ কোটি ৮৪ লাখ ৭২ হাজার ৯৫ টাকা উত্তোলনের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে। দুদকের অভিযোগ, এসব লেনদেনের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির অর্থ স্থানান্তর করে মানিলন্ডারিংয়ের অপরাধ সংঘটিত হয়েছে।

আদালতের এ নির্দেশের ফলে মামলার তদন্তে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

  • মানিলন্ডারিং মামলা: জেলগেটে জিজ্ঞাসাবাদের মুখে পলক