মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ২১৭ জন আটক

লেখক: জিহাদুল ইসলাম (জিহাদ)
প্রকাশ: ৩ মাস আগে
মালয়েশিয়ায় অভিবাসন অভিযানে বাংলাদেশিসহ ২১৭ জন আটক

স্টাফ রিপোর্টার : মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এর কোতারায়া এলাকা এবং সেলাঙ্গর রাজ্যের আম্পাং জায়া তে একযোগে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির ইমিগ্রেশন বিভাগ মালয়েশিয়া। এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের মোট ২১৭ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে স্থানীয় নাগরিক ও বিদেশিসহ মোট ১ হাজার ৫৩০ জনের কাগজপত্র যাচাই করা হয়। ইমিগ্রেশন বিভাগ জানায়, প্রথম অভিযানটি পরিচালিত হয় কুয়ালালামপুরের কোতারায়া এলাকার বাংলা মার্কেটে। সেখানে ৮৭৬ জনের নথি পরীক্ষা করা হয়, যার মধ্যে ৬৫২ জন বিদেশি এবং ২২৪ জন মালয়েশীয় নাগরিক।

পরবর্তীতে দ্বিতীয় অভিযান চালানো হয় সেলাঙ্গরের গ্যালাক্সি আম্পাং এলাকায়। এ সময় ৬৫৪ জনকে তল্লাশি করা হয়। তাদের মধ্যে ৩৯৪ জন বিদেশি এবং ২৬০ জন স্থানীয় নাগরিক ছিলেন।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আটককৃতদের বয়স ২১ থেকে ৬৩ বছরের মধ্যে। এদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং ১৬২ জন নারী। আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন—মিয়ানমারের ৮৯ জন, ইন্দোনেশিয়ার ৬০ জন, ফিলিপিন্সের ৫১ জন, বাংলাদেশের ৩ জন, ভারতের ৫ জন, নেপালের ৫ জন, পাকিস্তানের ২ জন এবং নাইজেরিয়া ও জার্মানির একজন করে নাগরিক।

কর্তৃপক্ষ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান (ওভারস্টে), পাসের শর্ত লঙ্ঘন এবং ভুয়া মালয়েশিয়ান জাতীয় পরিচয়পত্র ব্যবহারের অভিযোগ রয়েছে। অভিযানের সময় কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তাদের আটক করা হয়।

ইমিগ্রেশন বিভাগ আরও জানায়, ২০২৫ সালে সারা দেশে পরিচালিত ১৩ হাজারের বেশি অভিযানে ৯২ হাজারেরও বেশি অবৈধ অভিবাসী এবং দুই হাজারের বেশি নিয়োগকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি বছরের প্রথম ১৭ দিনেই দেশজুড়ে ৫০০টির বেশি অভিযানে ১ হাজার ৭৬০ জন অভিবাসী ও ৩৫ জন নিয়োগকর্তাকে আটক করা হয়েছে।

বিভাগটির পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, কোনো নিয়োগকর্তা বা স্থানীয় নাগরিক যেন অবৈধ অভিবাসীদের আশ্রয় বা কাজের সুযোগ না দেন। এ ধরনের অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে প্রশাসনকে সহযোগিতা করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে। আটককৃতদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে।