
মুন্সিগঞ্জ সদর উপজেলায় মেঘনা নদীর একটি শাখা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর আবির হোসেন (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) সকালে নলবুনিয়াকান্ডির গুদারাঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আবির মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র এবং সদর উপজেলার সৈয়দপুর এলাকার বাসিন্দা মো. আকতার হোসেনের ছেলে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার দুপুরে আবিরসহ চার বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নামে। তাদের মধ্যে তিনজন সাঁতরে তীরে উঠতে পারলেও আবির হোসেন পানির স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়ে যায়। পরে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে উদ্ধারকাজ শুরু করেন এবং ফায়ার সার্ভিসকে খবর দেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স–এর মুন্সিগঞ্জ ইউনিটের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পরই ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। টানা অনুসন্ধানের পর সোমবার সকালে প্রায় ২০ ফুট পানির নিচ থেকে আবিরের মরদেহ উদ্ধার করা হয়।
উদ্ধারের পর মরদেহটি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
