যমুনা নদী ব্যবস্থাপনায় টেকসই শাসন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার আহ্বান পরিবেশ উপদেষ্টার

লেখক: Arisha Eme
প্রকাশ: ৪ মাস আগে
যমুনা নদী ব্যবস্থাপনায় টেকসই শাসন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার আহ্বান পরিবেশ উপদেষ্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন, পানিসম্পদ এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, যমুনা বাংলাদেশের অন্যতম প্রধান ও জীবনদায়ী নদী। এই নদী দেশের ভূ-প্রকৃতি, কৃষি ও মানুষের জীবনযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাই যমুনা নদী ব্যবস্থাপনায় টেকসই নদী শাসন ও বন্যা নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী ও বিস্তৃত পরিকল্পনা গ্রহণ জরুরি।

বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর পান্থপথে পানি ভবনে অনুষ্ঠিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, যমুনা নদী শাসন ও ব্যবস্থাপনার ক্ষেত্রে নদীর স্বাভাবিক আকার-আকৃতি ও বৈশিষ্ট্য অক্ষুণ্ন রাখার পাশাপাশি সেখানে গড়ে ওঠা জীববৈচিত্র্য এবং নদীকেন্দ্রিক জীবনযাপনের উপকরণগুলো সংরক্ষণ করতে হবে। নদীর প্রাকৃতিক গতিশীলতা বজায় রেখে পরিকল্পনা প্রণয়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বোরো চাষাবাদের জন্য পর্যাপ্ত পানির সংস্থান নিশ্চিত করা এবং লবণাক্ততা হ্রাসে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। এ ক্ষেত্রে পানি ব্যবস্থাপনায় আধুনিক ও পরিবেশবান্ধব কৌশল গ্রহণের আহ্বান জানান তিনি।

সেমিনারে উপদেষ্টা স্বাধীনতার পর থেকে বাংলাদেশের উন্নয়নে জাপানের অবদানের কথা স্মরণ করে বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু। দেশের অর্থনৈতিক ও অবকাঠামোগত উন্নয়নে জাপান ও জাপানের জনগণের সহযোগিতার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মো. এনায়েত উল্ল্যাহর সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনছি। এছাড়া বক্তব্য দেন পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদ এবং পরিকল্পনা কমিশনের অতিরিক্ত সচিব মো. এনামুল হক।

  • দীর্ঘমেয়াদী পরিকল্পনার আহ্বান
  • পরিবেশ উপদেষ্টার
  • যমুনা নদী ব্যবস্থাপনায় টেকসই শাসন