যুক্তরাজ্যে জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ন্ত্রণে সাধারণ মানুষকে স্বস্তি দিতে আসন্ন বাজেটে একগুচ্ছ পদক্ষেপের ঘোষণা আসতে যাচ্ছে। আগামী বুধবারে পেশ হতে যাওয়া এই বাজেটে জ্বালানি শুল্ক পুনরায় স্থগিত করা এবং বেশ কিছু খাদ্যপণ্যের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহারের পরিকল্পনা নেওয়া হয়েছে।
যুক্তরাজ্যের চ্যান্সেলর জন হিলি সাধারণ পরিবারগুলোকে সাময়িক স্বস্তি বা “ব্রিদিং স্পেস” দেওয়ার প্রতিশ্রুতির অংশ হিসেবে এই নতুন ব্যবস্থাগুলোর কথা জানান। তিনি বলেন, ইরান ও ইউক্রেনে চলমান যুদ্ধ যুক্তরাজ্যের সাধারণ পরিবারগুলোর দৈনন্দিন খরচ বাড়িয়ে দিয়েছে। বৈশ্বিক ঘটনাপ্রবাহ সরাসরি নিয়ন্ত্রণ করা না গেলেও দেশের ভেতরের পরিস্থিতিতে যতটুকু সম্ভব ভূমিকা রাখার চেষ্টা করছে সরকার।
সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে প্রায় ১০০টি খাদ্যপণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করা। গত জুনে পাশ হওয়া পূর্বের ছাড়ের সঙ্গে নতুন শুল্ক ছাড় যুক্ত হলে পরিবারগুলোর বছরে প্রায় ২১ পাউন্ড পর্যন্ত সাশ্রয় হতে পারে। এই ছাড়ের তালিকায় রয়েছে পাস্তা, ফলের রস, টুনা মাছ এবং বিভিন্ন উদ্ভিজ্জ পানীয় যেমন সয়া, নাট, সিরিয়াল ও সিড মিল্ক।
পাশাপাশি কাজে ব্যবহারের জন্য গাড়ি চালানোর ক্ষেত্রে সর্বোচ্চ ১০,০০০ মাইল পর্যন্ত প্রতি মাইলে ৫৫ পেন্স আয়করমুক্ত মাইলেজ হার স্থায়ী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১০,০০০ মাইলের বেশি দূরত্বের জন্য এই হার ২৫ পেন্স থেকে বাড়িয়ে ৩৫ পেন্স করা হচ্ছে।
বিবিসি জানতে পেরেছে, বাজেটে জ্বালানি শুল্ক বা ফুয়েল ডিউটি পুনরায় স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে ২০২২ সালে চালুকৃত প্রতি লিটারে ৫ পেন্স শুল্ক ছাড়ের মেয়াদ আবারও বাড়ানো হচ্ছে।
পরিচর্যাকারীদের বা ‘কেয়ারার’দের জন্য বিদ্যমান আয়ের সীমা সংস্কার করার পরিকল্পনা করা হয়েছে। এর ফলে নির্দিষ্ট সীমার চেয়ে বেশি আয় করলেও তারা তাদের সম্পূর্ণ ভাতা হারাবেন না; বরং একটি আনুপাতিক হারে ভাতা সমন্বয় করা হবে। এ ছাড়া আত্মকর্মসংস্থানসংস্থানকারী বাবারা এতদিন যে মাতৃত্ব/পিতৃত্বজনিত ছুটি বা ভাতাসুবিধা থেকে বঞ্চিত ছিলেন, তাদের জন্য সপ্তাহে সর্বোচ্চ ১৯৪ পাউন্ড পর্যন্ত দুই সপ্তাহের পিতৃত্বকালীন ভাতার সুযোগ চালু করা হচ্ছে।
দ্য টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ১৮ থেকে ২০ বছর বয়সী কর্মীদের জন্য জাতীয় সর্বনিম্ন মজুরি বা ন্যাশনাল মিনিমাম ওয়েজ বৃদ্ধির গতি কিছুটা ধীর করা হতে পারে। এই বয়সসীমার কর্মীদের ঘণ্টায় আয় ৩.৯ শতাংশ বেড়ে ১০.৮৫ পাউন্ড থেকে প্রায় ১১.২৭ পাউন্ড হতে পারে, যা আগের বড় ধরনের বৃদ্ধির তুলনায় কম। ২১ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে বর্তমান ১২.৭১ পাউন্ডের নূন্যতম মজুরি ৩.৯ শতাংশ বেড়ে ১৩.২০ পাউন্ড হতে পারে।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেন, সরকার দেশের বড় বড় চ্যালেঞ্জগুলোর পাশাপাশি দৈনন্দিন খরচ ও অসমতার সমস্যা সমাধান করতে কাজ করছে। অন্যদিকে কনজারভেটিভ পার্টি সরকারের এই পদক্ষেপগুলোর সমালোচনা করেছে। ছায়া চ্যান্সেলর অ্যান্ড্রু গ্রিফিথ বলেন, উচ্চ ঋণ, কর বৃদ্ধি ও মূল্যস্ফীতির কারণে সাধারণ মানুষ এমনিতেই হিমশিম খাচ্ছে এবং সরকারের এই ক্ষুদ্র উদ্যোগগুলো লেবার পার্টির কর বৃদ্ধির কাছে একটি উপহাস মাত্র।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।