
যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
রোববার (২৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে শামা ওবায়েদ ইসলাম বলেন, এই নৃশংস ঘটনার যথাযথ তদন্ত ও দোষীদের বিচার নিশ্চিত করা অত্যন্ত জরুরি। তিনি আরও জানান, নিহতদের পরিবারের সঙ্গে সরকার নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাদের পাশে রয়েছে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি দুই পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। প্রায় ১০ দিন পর ২৪ এপ্রিল জামিল আহমেদের মরদেহ উদ্ধার করা হয়। পরদিন ২৫ এপ্রিল সামাজিক যোগাযোগমাধ্যমে তার পরিবারের পক্ষ থেকে বৃষ্টির মৃত্যুর বিষয়টিও নিশ্চিত করা হয়।
এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। অপরাধের প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
