ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কলেজশিক্ষার্থী রায়হান সারোয়ারের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন তাঁর সহপাঠী, পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা। এ সময় রায়হানের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
রোববার (১১ অক্টোবর) সরাইল সরকারি কলেজের সামনে থেকে কর্মসূচি শুরু হয়। পরে সদর হাসপাতালের প্রধান ফটক ও সরাইল থানা এলাকা অতিক্রম করে শহীদ মিনারে গিয়ে বিক্ষোভ মিছিলটি শেষ হয়। এ সময় ‘আমার ভাই জেলে কেন, প্রশাসন জবাব চাই’ এবং ‘রায়হান সারোয়ারের মুক্তি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, রায়হানকে ষড়যন্ত্রমূলকভাবে মামলায় জড়ানো হয়েছে। তাঁরা অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করার আহ্বান জানান।
বিক্ষোভকারীরা বলেন, রায়হানের বিরুদ্ধে আনা অভিযোগ ও গ্রেপ্তারের পরিস্থিতি নিরপেক্ষভাবে খতিয়ে দেখে যথাযথ আইনগত প্রক্রিয়ায় ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তাঁর মুক্তির দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে দাবি বিবেচনা করা না হলে আরও বড় কর্মসূচি দেওয়ার কথাও জানান তাঁরা।
তবে রায়হানের বিরুদ্ধে দায়ের করা মামলার বিস্তারিত তথ্য এবং এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।