রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রাজবাড়ীতে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

লেখক: Arisha Eme
প্রকাশ: ১ মাস আগে
রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রাজবাড়ীতে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

রাজবাড়ী শহরে রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে সেলিনা মোজাম্মেল ঝরনা (৬৬) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পান্না চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিনা মোজাম্মেল আক্তার ঝরনা বালিয়াকান্দি উপজেলা প্রেসক্লাবের সভাপতি সোহেল মিয়ার মা। তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের মৃত মোজাম্মেল হোসেন মিয়ার স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে মেয়ে ও জামাতার সঙ্গে জরুরি কাজে রাজবাড়ী কোর্টে এসেছিলেন তিনি। পরে স্বজনদের সেখানে বসিয়ে রেখে রিকশাযোগে রেলগেট এলাকার একটি হোটেলে নাস্তা করতে যাচ্ছিলেন। পথিমধ্যে চলন্ত রিকশার চাকার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে গেলে গলায় ফাঁস লেগে যায়।

তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতাল-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. বেলায়েত হোসেন জানান, রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে গলার শ্বাসনালীতে তীব্র চাপ সৃষ্টি হওয়ায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজবাড়ী সদর থানার ওসি খোন্দকার জিয়াউর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • রিকশার চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে রাজবাড়ীতে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু