পরমানু বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার:শক্তি সাশ্রয়ী প্লাজমা প্রযুক্তিতে ইরান

লেখক:
প্রকাশ: ১২ মাস আগে
ইরানের পরমাণু বিজ্ঞানীরা নতুন প্লাজমা ডিভাইস তৈরি

আর্ন্তজাতিক ডেস্ক: ইরানের পরমাণু বিজ্ঞানীরা বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতিতে একটি উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছেন। তারা সারফেস ডাইলেক্ট্রিক ব্যারিয়ার ডিসচার্জ (SDBD) নামক একটি উন্নত পদ্ধতি ব্যবহার করে সফলভাবে একটি নতুন প্রজন্মের প্লাজমা ডিভাইস তৈরি করেছেন। এটি বায়ুমণ্ডলীয় চাপে কার্যকরভাবে ঠান্ডা প্লাজমা তৈরি করতে সক্ষম, যা চিকিৎসা, কৃষি, খাদ্য প্রক্রিয়াকরণ এবং শিল্প ক্ষেত্রে বহুমুখী ব্যবহার উপযোগী।

SDBD পদ্ধতি প্রচলিত নিম্ন-চাপ ভিত্তিক প্লাজমা প্রযুক্তির তুলনায় অধিক সাশ্রয়ী, সহজে নিয়ন্ত্রণযোগ্য এবং শক্তি সাশ্রয়কারী। এই প্রযুক্তির মাধ্যমে তৈরি হওয়া ঠান্ডা প্লাজমা বস্তুর পৃষ্ঠতলে জীবাণুমুক্তকরণ, সারফেস ট্রিটমেন্ট, মুদ্রণ ও প্যাকেজিং শিল্পে কাজ করে, একইসঙ্গে এটি চিকিৎসা এবং দন্তচিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্তকরণেও অত্যন্ত কার্যকর।

এই প্রযুক্তি দিয়ে ওজোন উৎপাদন, কৃষিপণ্যের সংরক্ষণ ও পরিচ্ছন্ন উৎপাদনের মতো পরিবেশবান্ধব ব্যবহারের সুযোগ তৈরি হয়েছে। এতে করে ইরান তাদের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ প্রয়োগের ক্ষেত্রে আরেকটি ধাপ এগিয়ে গেল।

সাম্প্রতিক বছরগুলোতে ইরান পারমাণবিক শক্তির ব্যবহারকে শুধুমাত্র বিদ্যুৎ উৎপাদনে সীমাবদ্ধ না রেখে চিকিৎসা, কৃষি এবং শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতে বিস্তৃত করেছে। এই প্লাজমা ডিভাইস উদ্ভাবনের মাধ্যমে ইরানের বিজ্ঞানীরা আরও একটি উদ্ভাবনী মাইলফলক অর্জন করল।