সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিসে বাধ্যতামূলকভাবে অবস্থানের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এ পরিপত্র সোমবার জারি করা হয়।
পরিপত্রে বলা হয়েছে, অনেক ক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীরা অফিসে আসার পথে সেমিনার, কর্মশালা, সিম্পোজিয়াম, প্রশিক্ষণ প্রতিষ্ঠানে অতিথি বক্তা হিসেবে অংশগ্রহণ কিংবা ব্যাংক, হাসপাতাল ও বিদ্যালয়ে যাওয়ার মতো কাজে ব্যস্ত হয়ে পড়েন। ফলে নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকা সম্ভব হয় না এবং জনসেবা ব্যাহত হয়।
এই প্রেক্ষাপটে জনসেবা নিশ্চিত ও দাপ্তরিক কাজে গতি আনতে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অবশ্যই নিজ নিজ অফিস কক্ষে উপস্থিত থাকতে হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে। দাপ্তরিক অন্যান্য কর্মসূচিও এমনভাবে নির্ধারণ করতে বলা হয়েছে, যাতে এই সময়সীমা বিঘ্নিত না হয়।
পরিপত্রে উল্লেখ করা হয়েছে, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’ অনুযায়ী নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক।
তবে শিক্ষা বা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ও অনুষদ সদস্য যারা প্রশাসনিক দায়িত্বে নেই, হাসপাতাল, জেলখানা, সংবাদমাধ্যম বা নিরাপত্তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে রোস্টার ডিউটিতে থাকা কর্মীরা, জরুরি গ্রাহকসেবায় সরাসরি সম্পৃক্ত ব্যক্তি এবং মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এই সময়সীমার আওতার বাইরে থাকবেন।
এছাড়া ভিভিআইপি বা ভিআইপি প্রটোকল প্রদান, আকস্মিক বড় দুর্ঘটনা মোকাবিলা, উন্নয়ন সহযোগী বা কূটনৈতিক মিশনের সঙ্গে গুরুত্বপূর্ণ সভা এবং অনুমোদিত সরকারি সফর ছাড়া কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কর্মস্থল ত্যাগ করা যাবে না। দাপ্তরিক কাজ ছাড়া অফিস চলাকালীন সময়ে অফিস ত্যাগ না করার নির্দেশ দিয়ে বলা হয়েছে, পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে।










