বাংলাদেশ ডেস্ক: ১৫ নভেম্বর ২০২৬, ৭:৫০ অপরাহ্ন
বর্তমান সরকারের রূপকল্পে একটি স্বাস্থ্যসম্মত ও সহানুভূতিশীল বাংলাদেশের কথা বলা হয়েছে, যেখানে প্রতিটি মানুষের স্বাস্থ্যকে গুরুত্ব দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তিনি উল্লেখ করেন, পর্যাপ্তসংখ্যক প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট নিশ্চিত করা গেলে দেশের প্রত্যন্ত অঞ্চলেও যথাযথ অস্ত্রোপচার সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।
রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত চতুর্থ আন্তর্জাতিক অ্যানেস্থেসিওলজি সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ সোসাইটি অব অ্যানেস্থেসিওলজিস্টস, ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড পেইন ফিজিশিয়ানস (বিএসএসিসিপিপি) এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। এ বছরের সম্মেলনের প্রতিপাদ্য ছিল ‘অ্যানেস্থেসিওলজিস্টস: বিয়ন্ড দ্য অপারেটিং থিয়েটার’।
সম্মেলনে জুবাইদা রহমান জানান, প্রায় ২০ কোটি জনসংখ্যার বাংলাদেশে অ্যানেস্থেসিওলজিস্টের সংখ্যা মাত্র ৩ হাজার। বর্তমানে প্রতি এক লাখ মানুষের বিপরীতে অ্যানেস্থেসিওলজিস্ট রয়েছেন মাত্র ০.৫৮ জন, যেখানে আন্তর্জাতিক সুপারিশ অনুযায়ী প্রতি এক লাখ মানুষের জন্য চার থেকে পাঁচজন অ্যানেস্থেসিওলজিস্ট থাকা প্রয়োজন।
তিনি আরও বলেন, দেশের ৬৪টি জেলা, ৫৩টি প্রশাসনিক অঞ্চল, ৪ হাজার ৫৯৯টি ইউনিয়ন এবং ৯০ হাজার ৪৯টি গ্রামে প্রশিক্ষিত অ্যানেস্থেসিওলজিস্ট ও ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞের তীব্র সংকট রয়েছে। দীর্ঘদিনের অবহেলার কারণে হাজার হাজার মানুষ নানা ভোগান্তির শিকার হচ্ছেন।
অ্যানেস্থেসিওলজিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরে ডা. জুবাইদা রহমান জানান, তারা শুধু অপারেশন থিয়েটারেই দায়িত্ব পালন করেন না, বরং সামগ্রিক স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। অস্ত্রোপচারের নিরাপত্তা নিশ্চিত করা, ব্যথা নিয়ন্ত্রণ, ক্রিটিক্যাল কেয়ার প্রদান এবং জীবন রক্ষায় তাদের অবদান অপরিহার্য।
ডা. জুবাইদা রহমান বলেন, একটি শক্তিশালী স্বাস্থ্যসেবা ব্যবস্থা শুধু অবকাঠামো ও প্রযুক্তির ওপর নির্ভর করে গড়ে ওঠে না; বরং দক্ষ, অনুপ্রাণিত এবং প্রয়োজনীয় সহায়তা পাওয়া পেশাজীবীদের মাধ্যমেই তা গড়ে ওঠে। চিকিৎসকদের নিরাপত্তা, মর্যাদা ও পেশাগত কল্যাণ নিশ্চিত করা রোগীদের উন্নত ও নিরাপদ সেবা প্রদানের সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে তিনি মনে করেন। তিনি জানান, অ্যানেস্থেশিয়া, ইনটেনসিভ কেয়ার এবং পেইন মেডিসিনের মতো বিশেষায়িত চিকিৎসাক্ষেত্রের উন্নয়ন সরকারের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।
সম্মেলনে দেশি-বিদেশি বিশিষ্ট অ্যানেস্থেসিওলজিস্ট, চিকিৎসাবিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে অ্যানেস্থেসিওলজি, ক্রিটিক্যাল কেয়ার ও পেইন মেডিসিনের সর্বশেষ অগ্রগতি, আধুনিক চিকিৎসা পদ্ধতি, বৈজ্ঞানিক উদ্ভাবন এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় করা হয়।
অনুষ্ঠানে অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন চিকিৎসককে আজীবন সম্মাননা দেওয়া হয়। এছাড়া একজন চিকিৎসককে রিসার্চ অ্যান্ড ইনোভেশন গোল্ড মেডেল এবং চারজন চিকিৎসককে এসএন সামাদ চৌধুরী গোল্ড মেডেল দেওয়া হয়।
সম্মেলনে বিশেষ অতিথি ও আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সংসদ সদস্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ এবং সাবেক সভাপতি অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হকসহ অনেকে।
সূত্র: সমকাল

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।