মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলে ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক হামলায় নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। বাহরাইনে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ইরানের ড্রোন হামলার কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের কৌশলগত কেশম দ্বীপে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর জবাবে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলার দাবি করেছে তেহরান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরানের দক্ষিণ উপকূলীয় কেশম দ্বীপে মার্কিন হামলার পর উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের আকাশসীমায় মার্কিন ড্রোনের বারবার অনুপ্রবেশের জবাবে বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।
তবে যুক্তরাষ্ট্র ও বাহরাইনের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলায় অংশ নেওয়া ইরানি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে। এতে মার্কিন সামরিক সরঞ্জাম বা কর্মীদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
ইরানের হামলার কয়েক ঘণ্টার মধ্যেই হরমুজ প্রণালির কৌশলগত অবস্থানে থাকা কেশম দ্বীপে সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে মার্কিন কর্মকর্তাদের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে।
ইরানের স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, হামলার সময় দ্বীপটিতে পাঁচ থেকে ছয়টি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ইরানের হরমোজগান প্রদেশের উপগভর্নর আহমাদ নাফিসি জানিয়েছেন, মার্কিন হামলায় আবাসিক, বাণিজ্যিক ও গুরুত্বপূর্ণ অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হয়নি। তবে সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর কুয়েতে অবস্থিত আলি আল সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। ইরানের দাবি, ঘাঁটিটিতে মার্কিন ড্রোন ও ক্ষেপণাস্ত্রসংক্রান্ত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
অন্যদিকে কুয়েতের সামরিক বাহিনী জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা প্রতিহত করতে কাজ করেছে। বিস্ফোরণের যেসব শব্দ শোনা গেছে, সেগুলো আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ড্রোন প্রতিহত করার কারণে হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী।
বাহরাইনেও সম্ভাব্য হামলার সতর্কতা জারি করা হয়েছিল। পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় পরিস্থিতি স্বাভাবিক হওয়ার ঘোষণা দেয়।
ইরান-যুক্তরাষ্ট্রের উত্তেজনার পাশাপাশি ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি নেতৃত্বাধীন জোটের সংঘাতও নতুন মাত্রা পেয়েছে।
সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, ইয়েমেনের বিভিন্ন এলাকায় ৬০টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। জোটের দাবি, হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা দুর্বল করতেই এসব অভিযান পরিচালনা করা হয়েছে। অন্যদিকে হুথি সূত্র এসব হামলায় প্রাণহানির দাবি করেছে।
এদিকে সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ছোড়া দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথাও জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট।
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক জ্বালানি বাজার ও সামুদ্রিক বাণিজ্য নিয়ে উদ্বেগ বাড়ছে। এ পথে সংঘাত দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ, তেলের দাম এবং বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
সব মিলিয়ে ইরান, যুক্তরাষ্ট্র এবং উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশের মধ্যে পাল্টাপাল্টি সামরিক তৎপরতা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে। ওমান ও কাতারের মধ্যস্থতায় কূটনৈতিক প্রচেষ্টা চললেও সংঘাতের অবসান নিয়ে এখনো কোনো চূড়ান্ত সমাধান পাওয়া যায়নি।
সূত্র: রয়টার্স.

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।