বাংলাদেশ ডেস্ক: ২২ নভেম্বর ২০২৬, ৩:৫১ অপরাহ্ন
জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের পর জারি করা ‘যৌথ বাহিনী নির্দেশাবলি ০১/২০২৬ (জেএসআই ০১/২০২৬)’ পর্যালোচনায় দেখা গেছে, সশস্ত্র বাহিনীর সর্বনিম্ন মূল বেতন ৯ হাজার টাকা থেকে বেড়ে ২১ হাজার ৪০০ টাকা করা হয়েছে। নতুন কাঠামোয় এই বেতন পর্যায়ক্রমে বেড়ে সর্বোচ্চ ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত উন্নীত হবে। এতে সৈনিক পর্যায়ে মূল বেতন বৃদ্ধির হার দাঁড়িয়েছে ১৩৭ দশমিক ৭৮ শতাংশ বা প্রায় ১৩৮ শতাংশ। অন্যদিকে বাহিনীপ্রধানদের মূল বেতন ৮৬ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ৭২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বেসামরিক প্রশাসনের মতোই সশস্ত্র বাহিনীতেও সর্বোচ্চ ও সর্বনিম্ন পর্যায়ের পদে বেতন ও কাঠামোগত ব্যবধান বিদ্যমান। বাহিনীপ্রধান বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের তুলনায় সাধারণ সৈনিকদের বেতন বৃদ্ধির হার বেশি হওয়া সত্ত্বেও একটি মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে অসন্তোষ সৃষ্টির চেষ্টা করছে। ‘অফিসার বনাম সৈনিক’ বৈষম্যের যে অভিযোগ তোলা হচ্ছে তা ভিত্তিহীন, কারণ নতুন নির্দেশনায় পূর্বের বেতন কাঠামোর ধারাবাহিকতাই বজায় রাখা হয়েছে।
নতুন নির্দেশিকা অনুযায়ী, সশস্ত্র বাহিনীর বাস্তবায়নের প্রথম ধাপে সৈনিক ও সার্জেন্ট পর্যায়ের বেতন ৫০ শতাংশ বাস্তবায়িত হয়েছে, যেখানে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য তা ৪০ শতাংশ নির্ধারণ করা হয়। ল্যান্স করপোরালের প্রারম্ভিক মূল বেতন ২৩ হাজার ৫০০ টাকা, করপোরালের ২৮ হাজার টাকা, ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার টাকা, সিনিয়র ওয়ারেন্ট অফিসারের ৪৪ হাজার ৫০০ টাকা এবং মাস্টার ওয়ারেন্ট অফিসারের মূল বেতন ৪৫ দশমিক ৫০০ টাকা ধরা হয়েছে। মাস্টার ওয়ারেন্ট অফিসারদের মূল বেতন ১০২ দশমিক ২২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এছাড়া অনারারি লেফটেন্যান্টের মূল বেতন ৭৬ হাজার ৯৬০ টাকা এবং অনারারি ক্যাপ্টেনের মূল বেতন ৮৫ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণ সুবিধাতেও বড় পরিবর্তন আনা হয়েছে। নতুন নীতিমালায় ন্যূনতম নিট পেনশন ১০ হাজার টাকা এবং বয়সভেদে চিকিৎসাভাতা ৩ হাজার থেকে ৪ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে সশস্ত্র বাহিনীর জন্য চারটি নতুন ভাতা যুক্ত করা হয়েছে।
তবে হরিজন্টাল ও ভার্টিক্যাল পে-স্কেল এবং বেসামরিক প্রশাসনের কাঠামোর সঙ্গে পদোন্নতিজনিত ব্যবধান নিয়ে সৈনিক ও জুনিয়র কমিশন্ড অফিসারদের (জেসিও) কিছু দীর্ঘদিনের দাবি রয়েছে। বেসামরিক প্রশাসনে পদোন্নতি বা সিলেকশন গ্রেড পেলে সরাসরি পরবর্তী ভার্টিক্যাল গ্রেডে প্রবেশের সুযোগ থাকলেও সশস্ত্র বাহিনীতে পদোন্নতির ক্ষেত্রে শূন্যপদ ও পিরামিড কাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। ফলে পদোন্নতি না হলে ১৯ থেকে ২০টি ইনক্রিমেন্ট বা বার্ষিক বেতন বৃদ্ধির ধাপের ওপর নির্ভর করতে হয়।
এ বিষয়ে সংশ্লিষ্ট এক সেনাকর্মকর্তা জানান, শৃঙ্খলিত বাহিনী হিসেবে কমান্ড পিরামিড বজায় রাখতেই এই কাঠামো ব্যবহৃত হয়। তবে সৈনিকরা পদোন্নতি না পেলেও যেন বেতন থমকে না যায়, সেজন্য বহুসংখ্যক ইনক্রিমেন্ট রাখা হয়েছে। এর ফলে ২১ হাজার ৪০০ টাকার মূল বেতন ৫১ হাজার ৯০০ টাকা পর্যন্ত পৌঁছাতে পারে।
জাতীয় বেতন কমিশন-২০২৫ ও সশস্ত্র বাহিনী বেতন কমিটি-২০২৫-এর সুপারিশের ভিত্তিতে এই অভিন্ন বিভাজন পদ্ধতি বর্তমানে পর্যালোচনার অধীনে রয়েছে। জানা গেছে, সশস্ত্র বাহিনী বেতন কমিটি সব পর্যায়ে ভার্টিক্যাল পে-স্কেল চালু করা এবং বিদ্যমান বৈষম্য সমাধানে একটি সার্ভিস কমিশন গঠনের পরামর্শ দিয়েছে।
সূত্র: সমকাল

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।