
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ আবারও অর্জন করেছে অসাধারণ সাফল্য। এ বছর সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা ৬১টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট ১৮,৭১৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৬,৮২৬ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে, যা মোট অংশগ্রহণকারীর ৩৬.৪৭ শতাংশ। গড় পাসের হার ৯৮.০৫ শতাংশ, যা জাতীয় পর্যায়ে একটি উজ্জ্বল ও প্রশংসনীয় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
বিস্তারিত হিসেবে জানা যায়, ৩৭টি বাংলা মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৭,১৫৬ জন, ১২টি ইংরেজি মাধ্যম প্রতিষ্ঠান থেকে ৯৭১ জন এবং দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে ৫৮৯ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। এদের সম্মিলিত কৃতিত্ব সেনাবাহিনীর শিক্ষা ব্যবস্থার উচ্চমান ও শৃঙ্খলার প্রতিফলন বহন করে।
এই অসামান্য ফলাফলের পেছনে রয়েছে সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের শৃঙ্খলাবদ্ধ ও শিক্ষাবান্ধব পরিবেশ, অভিজ্ঞ ও যোগ্য শিক্ষক-শিক্ষিকাদের নিবেদিত পাঠদান, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও একনিষ্ঠ পরিশ্রম। এছাড়া সেনাসদরের সার্বিক দিকনির্দেশনা, প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের নিবিড় তদারকি, অধ্যক্ষ ও উপাধ্যক্ষদের কার্যকর নেতৃত্ব, শিক্ষক-অফিসার-কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতা এই সাফল্যের মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে।
শিক্ষা বিশেষজ্ঞরা মনে করেন, সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানের এই ধারাবাহিক সাফল্য দেশের সামগ্রিক শিক্ষাক্ষেত্রে একটি অনুকরণীয় উদাহরণ সৃষ্টি করেছে।
