ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলা সাহিত্যচর্চা, সৃজনশীলতা এবং সাহিত্যাঙ্গনে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে “সোনালী কাবিন পদক–২০২৬” প্রদানের লক্ষ্যে আবেদন আহ্বান করা হয়েছে। বাংলা ভাষা ও সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা একজন বিশিষ্ট সাহিত্যিককে এ পদকে ভূষিত করা হবে।
কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি লিটন হোসাইন জিহাদ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা সাহিত্যের বিভিন্ন শাখা, যেমন কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ কিংবা অন্যান্য সাহিত্যধারায় উল্লেখযোগ্য অবদান রাখা সাহিত্যিকরা এ পদকের জন্য বিবেচিত হবেন। প্রার্থীর প্রকাশিত গ্রন্থ বা স্বীকৃত সাহিত্যকর্ম থাকতে হবে। পাশাপাশি সাহিত্যাঙ্গনে ইতিবাচক প্রভাব, সৃজনশীল অবদান এবং গ্রহণযোগ্যতা থাকাও বাঞ্ছনীয়।
আবেদনের ক্ষেত্রে প্রার্থীর পূর্ণ নাম, ঠিকানা ও যোগাযোগের তথ্য উল্লেখ করতে হবে। সেই সঙ্গে সাহিত্যকর্মের সংক্ষিপ্ত পরিচিতি, অর্জনের তালিকা এবং প্রকাশিত বই বা সাহিত্যকর্মের নমুনা (যদি থাকে) সংযুক্ত করা যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লেখক নিজে ছাড়াও তাঁর পক্ষে অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা শুভানুধ্যায়ী আবেদন করতে পারবেন। প্রাপ্ত আবেদনসমূহ যাচাই-বাছাই শেষে যোগ্য ও মনোনীত একজন সাহিত্যিককে “সোনালী কাবিন পদক–২০২৬” প্রদান করা হবে।
আগ্রহীরা অনলাইনে https://pothiktv.com/ sonalikabin/� ঠিকানায় প্রবেশ করে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ আগামী ১৭ জুন ২০২৬।
এদিকে, বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি আল মাহমুদের স্মৃতিকে ধারণ ও নতুন প্রজন্মের কাছে তাঁর সাহিত্যকর্ম তুলে ধরার লক্ষ্যে আগামী ৯, ১০ ও ১১ জুলাই তিন দিনব্যাপী “কবি আল মাহমুদ স্মরণ উৎসব–২০২৬” অনুষ্ঠিত হবে। উৎসবের সমাপনী দিনে, ১১ জুলাই, আনুষ্ঠানিকভাবে “কবি আল মাহমুদ সোনালী কাবিন পদক–২০২৬” প্রদান করা হবে।
অনুষ্ঠানটির আয়োজন করছে কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদ। পদক প্রদান ও স্মরণ উৎসবকে ঘিরে সাহিত্যপ্রেমী, গবেষক, কবি-লেখক এবং সংস্কৃতিকর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি হয়েছে।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।