প্রযুক্তি ডেস্ক: ৭ অক্টোবর ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন
প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান গারমিন ভারতে তাদের নতুন স্বাস্থ্যকেন্দ্রিক পরিধেয় যন্ত্র ‘গারমিন সারকা’ (Garmin Cirqa) স্মার্ট ব্যান্ড চালু করেছে। স্বাস্থ্য সচেতন ব্যবহারকারীদের জন্য নির্মিত এই ট্র্যাকারটি কোম্পানির হেলথ ট্র্যাকিং পণ্যের তালিকায় নতুন একটি সংযোজন।
প্রতিষ্ঠানটির মতে, এটি মূলত একটি স্ক্রিনবিহীন বা ডিসপ্লে-মুক্ত ফিটনেস ট্র্যাকার। স্ক্রিনের বাড়তি ঝামেলা এবং মনোযোগ বিচ্যুতির বিষয়গুলো এড়িয়ে ব্যবহারকারী যেন কেবল নিজের স্বাস্থ্য, ঘুম এবং শারীরিক কর্মকাণ্ডের দিকে নজর রাখতে পারেন, সেভাবেই এটি ডিজাইন করা হয়েছে।
স্ক্রিন না থাকলেও সাধারণ স্মার্ট ব্যান্ডের সব প্রয়োজনীয় ফিচার এতে যুক্ত করা হয়েছে। গারমিন সারকা স্মার্ট ব্যান্ডে রয়েছে হৃদস্পন্দন পর্যবেক্ষণ বা হার্ট-রেট মনিটরিং সুবিধা। এর পাশাপাশি শরীরের সার্বিক শক্তির মাত্রার হিসাব রাখতে এতে গারমিনের জনপ্রিয় ‘বডি ব্যাটারি’ ফিচার দেওয়া হয়েছে।
ব্যবহারকারীর মানসিকভাবে সতেজ থাকার বিষয়টি নিশ্চিত করতে এতে যুক্ত রয়েছে সার্বক্ষণিক স্ট্রেস ট্র্যাকিং বা মানসিক চাপ পরিমাপের সুবিধা। রাতের ঘুমের মান নিখুঁতভাবে বিশ্লেষণের জন্য এর উন্নত স্লিপ এনালাইসিস ফিচার দারুণ ভূমিকা রাখবে বলে দাবি করা হয়েছে।
শরীরের ত্বকের তাপমাত্রার পরিবর্তন পর্যবেক্ষণে ডিভাইসটিতে রয়েছে স্কিন টেম্পারেচার ট্র্যাকিং প্রযুক্তি। এছাড়া ব্যবহারকারীর দৈনন্দিন হাঁটাচলা ও শরীরচর্চা নিজে থেকেই শনাক্ত করতে পারে এর অ্যাক্টিভিটি ডিটেকশন প্রযুক্তি।
ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও ডিভাইসটি বেশ শক্তিশালী। গারমিন দাবি করেছে, একবার পূর্ণ চার্জ দিলে এই সারকা স্মার্ট ব্যান্ডটি টানা ১০ দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিতে সক্ষম। ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই ব্যবহারকারীরা দীর্ঘ সময় এটি ব্যবহার করতে পারবেন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।