— বিজ্ঞাপন —

হাসানের ৬ উইকেটের পরও সিলেটে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে হাসান মাহমুদের ৬ উইকেটের দাপট সত্ত্বেও ব্যাটিংয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ।
65331
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

খেলাধুলা ডেস্ক: ৬ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের দ্বিতীয় দিনটি বল হাতে দারুণ কাটলেও ব্যাট হাতে বিপদে পড়েছে বাংলাদেশ। সফরকারীদের প্রথম ইনিংসে করা ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ ৩ উইকেটে ৮৮ রান তুলে দিন শেষ করেছে। এখনো ২৬৮ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। দিনের শেষ ভাগে তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন্ন জুটি দলকে সাময়িক স্বস্তি দিয়েছে।

শুক্রবার ৪ উইকেটে ২৩৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। নতুন বল হাতে নিয়ে প্রথম দিনেই সেঞ্চুরি করা আমির জাঙ্গুকে বোল্ড করে ফেরান হাসান মাহমুদ। ২১২ বলে ১৩৩ রান করে আউট হন জাঙ্গু। এরপর রোস্টন চেইস ও জশুয়া বিশপকে তুলে নিয়ে টেস্ট ক্যারিয়ারে পঞ্চমবারের মতো ইনিংসে ৫ উইকেট পূরণের মাইলফলক স্পর্শ করেন হাসান। দেশের মাটিতে এটিই হাসানের প্রথম ৫ উইকেট নেওয়ার ঘটনা।

মধ্যাহ্নভোজের বিরতির পর শামার জোসেফকে আউট করে নিজের ষষ্ঠ উইকেট পান হাসান মাহমুদ। এর মাধ্যমে বাংলাদেশের পেসারদের মধ্যে টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেট নেওয়ার একক রেকর্ড এখন তার দখলে। পাশাপাশি প্রথম পেসার হিসেবে স্টাম্পিংয়ের মাধ্যমে উইকেট নেওয়ার নজিরও গড়েন তিনি। পরে জোমেল ওয়ারিক্যান ও জেইডেন সিলসের শেষ উইকেট জুটিতে ৩৩ রান যোগ হওয়ার পর সিলসকে আউট করে সফরকারীদের ৩৫৬ রানে অলআউট করেন মেহেদী হাসান মিরাজ। ৯০ রানে ৬ উইকেট নেন হাসান। এছাড়া তাসকিন আহমেদ ও মিরাজ দুটি করে উইকেট পান।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। চোটের কারণে সাদমান ইসলাম ইনিংস শুরু করতে না পারায় নাঈম হাসানকে ওপেনিংয়ে পাঠানো হয়। তবে ওপেনিংয়ে নেমে মাত্র ৫ রান করে জেইডেন সিলসের বলে ক্যাচ দেন তিনি। অন্য ওপেনার তানজিদ হাসান তামিম ৩৩ বলে ১৬ রান করে জাস্টিন গ্রেভসের বলে সাজঘরে ফেরেন।

২২ রানে দুই ওপেনার বিদায় নিলে তাওহীদ হৃদয়কে সঙ্গে নিয়ে চাপ সামলানোর চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তিনিও বেশি দূর যেতে পারেননি। শামার জোসেফের ঘন্টায় ১৪১ কিলোমিটার গতির বলে বোল্ড হওয়ার আগে শান্ত করেন ৬৫ বলে ১৮ রান। ৫১ রানে ৩ উইকেট হারিয়ে তীব্র চাপে পড়ে স্বাগতিক বাংলাদেশ।

পরবর্তীতে মুশফিকুর রহিমকে নিয়ে দিনের বাকি সময়টা পার করেন তাওহীদ হৃদয়। জোমেল ওয়ারিক্যানের বলে ক্যাচ দিয়েও রক্ষা পান হৃদয়। অন্যদিকে মুশফিকও এলবিডব্লিউর জোরালো আবেদন থেকে আম্পায়ার্স কলের কারণে বেঁচে যান। দিন শেষে তাদের অবিচ্ছিন্ন ৩৭ রানের জুটিতে ৪০ ওভারে ৩ উইকেটে ৮৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। হৃদয় ২৯ এবং মুশফিক ১৯ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

সূত্র: সমকাল

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗