গাজীপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

লেখক: Arisha Eme
প্রকাশ: ৬ মাস আগে
গাজীপুরে দেশীয় অস্ত্র ও মাদকসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

গাজীপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্যসহ বাবা ও ছেলেকে আটক করেছে যৌথবাহিনী। আটক দুইজন গাজীপুর মহানগর বিএনপির বাসন থানা সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা বলে জানা গেছে।

বুধবার (৩০ অক্টোবর) দিনগত রাত পৌনে ৩টা থেকে ভোর পৌনে ৫টা পর্যন্ত গাজীপুর সেনা ক্যাম্পের ‘১৪ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র নেতৃত্বে যৌথবাহিনী মহানগরীর বাসন নাওজোর এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযান শেষে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে গাজীপুর সেনা ক্যাম্পের পক্ষ থেকে এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়।

আটকরা হলেন  মো. তসলিম সিরাজ (৫৪) ও তার ছেলে মো. মুশফিক তসলিম (২৭)। অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য। পরবর্তীতে তাদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানায় হস্তান্তর করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে— ৮টি বড় ছোরা, ১৯টি ছোট ছোরা, ৫টি বড় চাপাতি, ৫টি ছোট চাপাতি, ২টি লোহার হাসুয়া, ৫টি রামদা, ১টি সোজা রামদা এবং ২৭টি নকল ডায়মন্ড (অস্ত্র ধার করার উপকরণ)। এছাড়া প্রায় ৫০ গ্রাম গাঁজাও উদ্ধার করা হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান বলেন যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও মাদকসহ বাবা-ছেলেকে আটক করা হয়েছে। তারা বাসন থানা বিএনপি সভাপতি তানভীর সিরাজের ভাই ও ভাতিজা। আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।