
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের নিচে পড়ে অলৌকিকভাবে অক্ষত থাকা ৫০ বছর বয়সী এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় শেষ পর্যন্ত মারা গেছেন। নিহতের নাম জালাল উদ্দিন জালু (৫০)। তিনি ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়নের নিধিয়ারচর বেপারিপাড়া গ্রামের মো. তৈয়ব উদ্দিনের ছেলে। জীবিকার তাগিদে তিনি শ্রীপুর বাজারে সবজি ব্যবসা করতেন।
ঘটনাটি ঘটেছে রবিবার (২ নভেম্বর) রাত ৮টা ৫০ মিনিটে শ্রীপুর রেলস্টেশনে। প্রত্যক্ষদর্শী বাবুল মিয়া জানান, সেদিন এক নম্বর লাইনে ঢাকা থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী ব্রহ্মপুত্র ট্রেন দাঁড়িয়ে ছিল। ট্রেনটি ছাড়ার আগেই দৌড়ে উঠতে যান জালাল উদ্দিন। কিন্তু দ্রুতগতি ও ভিড়ের কারণে তার পা পিছলে গিয়ে তিনি দুই নম্বর লাইনে পড়ে যান— ঠিক তখনই বিপরীত দিক থেকে ঢাকাগামী মহুয়া কমিউটার ট্রেন চলে আসে।
চলন্ত ট্রেনটির নিচে পড়ে যান জালাল উদ্দিন। উপস্থিত যাত্রীরা জানান, “পুরো ট্রেন তার শরীরের ওপর দিয়েই চলে গেলেও তিনি আশ্চর্যজনকভাবে অক্ষত অবস্থায় বেঁচে যান।”
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
শ্রীপুর রেলস্টেশনের স্টেশনমাস্টার সাইদুর রহমান বলেন,“ট্রেনের নিচে পড়েও তিনি তখন জীবিত ছিলেন, এটা সত্যিই অবিশ্বাস্য মনে হয়েছিল। তবে পরবর্তীতে হাসপাতালে তিনি মারা গেছেন।”
ঘটনার বিষয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কাইয়ুম আলী জানান,“রাত ১২টার দিকে ঘটনাটি আমরা জানতে পারি। পরে খবর পাই, তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।”গফরগাঁও উপজেলার চর আলগী ইউনিয়ন পরিষদের সদস্য শহিদুল ইসলাম জানান,“আজ সোমবার সকাল ১১টায় মরহুম জালাল উদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।”হঠাৎ ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
