মসজিদ— আল্লাহর ঘর। মুমিনের ইবাদত স্থল। যাকে প্রাণকেন্দ্র বললেও ভুল হবেনা। এখানে মানুষ ইবাদত করে, আল্লাহর ভয় ও তাকওয়ার মাধ্যমে নিজেকে পরিশুদ্ধ করে। এ পবিত্র স্থান কিংবা এর সম্পদে হাত দেওয়া শুধু সাধারণ অপরাধই নয়; বরং কুরআন–হাদীসের আলোকে এটি কঠিন গুনাহ, যার পরিণতি দুনিয়া ও আখিরাতে ভয়াবহ।
কুরআনের আলোকে এর ভয়াবহতা :
১. আল্লাহর নিদর্শনকে অবমাননার শাস্তি কঠিন – আল্লাহ তা’আলা বলেন— আর যে আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করে, নিশ্চয়ই তা হৃদয়ের তাকওয়া থেকেই।
(সূরা হজ্জ, ২২:৩২)
মসজিদ আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন। তাই এর সম্পদ চুরি মানে সরাসরি আল্লাহর সম্মানিত স্থাপনাকে অবমাননা করা।
২. খিয়ানতের কঠোর শাস্তির সতর্কতা : আল্লাহ বলেন— হে মুমিনগণ ! খিয়ানত করো না আল্লাহ ও রাসূলের সঙ্গে, আর তোমাদের আমানতেও খিয়ানত করো না। (সূরা আনফাল, ৮:২৭)
মসজিদের টাকা হলো উম্মাহর আমানত। এখানে খেয়ানত করলে আল্লাহর কঠিন গজবের হুঁশিয়ারি রয়েছে।
হাদীসের আলোকে এর ভয়াবহতা :
১. চোর জাহান্নামে যাবে – রাসূল ﷺ বলেছেন— চোরকে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠানো হবে যে তার মুখ কালো হবে, চোখ অন্ধ হবে এবং দাঁতগুলো পড়া থাকবে। (মুসনাদে আহমদ)
সাধারণ চুরির শাস্তি যেখানে এত কঠোর, সেখানে মসজিদের চুরি কত ভয়াবহ, তা সহজেই অনুমেয়।
২. পবিত্র স্থানের প্রতি অবমাননার পরিণতি –
রাসূল ﷺ বলেন— যে আল্লাহর ঘরকে অবমাননা করে, তার পরিণতি আল্লাহ খুব দ্রুত দেখিয়ে দেন। (বায়হাকি, শু‘আবুল ঈমান)
মসজিদের টাকা চুরি করা আল্লাহর ঘরকে সরাসরি অবমাননার শামিল।
৩. আমানত নষ্টকারীর ঈমান নেই –
হাদীসে এসেছে—যার মধ্যে আমানত নেই তার মধ্যে ঈমান নেই। (সুনান ইবন মাজাহ)
মসজিদের দান, ফান্ড, কার্পেট, মাইক, ইলেকট্রিক সামগ্রী—সবই আমানত। এখানে হাত দেওয়া ঈমানের ঘাটতির বড় নিদর্শন।
ইতিহাসের আলোকে চোরের পরিণতি :
ইসলামের ইতিহাসে দেখা যায়— যে ব্যক্তি বায়তুল-মাল, মাদরাসা বা মসজিদের সম্পদ আত্মসাৎ করেছিল, সে কখনো ভালো মৃত্যু পায়নি।
অনেক চোর দুনিয়াতেই অপমানিত হয়েছে; কেউ রোগে, কেউ দুর্ঘটনায়, কেউ সমাজচ্যুত হয়ে ধ্বংস হয়েছে।
আলেমগণ বলে থাকেন— মসজিদের সম্পদ নষ্টকারী সামান্য কিছু নিয়েও পুরো জীবনের বরকত নষ্ট করে ফেলে।
এছাড়া বহু ঘটনা রয়েছে যেখানে দেখা গেছে—
লোকেরা মসজিদের চুরি করা টাকা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তাদের জীবনে শান্তি ফিরে আসেনি। এসব সম্পদে যারা বড় হয় তাদের ভবিষ্যৎও ভালো হয়না। কারণ এসব সম্পদে আল্লাহর বিশেষ হক থাকে।
আসুন এবার আমরা জেনে নেই – কেন এই অপরাধ এত ভয়াবহ ?
(ক) এটি আল্লাহর ঘর লুট করা।
(খ) এটি গরিব-মিসকিন, নামাজি, মুসাফির—সবের হক নষ্ট করা।
(গ) এটি উম্মতের আমানত ধ্বংস করা।
(ঘ) এটি সমাজে মসজিদের প্রতি অবিশ্বাস তৈরি করে।
(ঙ) এটি এমন গুনাহ, যার বরকতহীনতা পুরো পরিবারে ছড়িয়ে পড়ে।
এমতাবস্থায় সমাজের করণীয় হলো :
১) মসজিদের সম্পদ রক্ষায় শক্ত নিরাপত্তার ব্যবস্থা নেওয়া।
২) পরিচালনা কমিটিকে স্বচ্ছতা বজায় রাখা।
৩) দানবাক্সের নিয়মিত হিসাব প্রকাশ করা।
৪) সন্দেহজনক কার্যক্রম হলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া।
৫) মানুষকে সচেতন করতে খুতবায় এ বিষয়ে আলোচনা করা।
মসজিদে চুরি হয়—এটা জানা সত্ত্বেও যদি কেউ প্রয়োজনীয় ব্যবস্থা না নেয়, তবে এ দায় কেবল চোরের নয়; বরং দায়িত্বশীলসহ সংশ্লিষ্ট সবার ওপরই বর্তাবে। কারণ আমানতের হেফাজত করা যেমন ফরজ, তেমনি অপরাধ প্রতিরোধ করাও নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
আজ আমাদের সমাজের একটি কষ্টদায়ক বাস্তবতা হলো—
চোরের যথাযথ বিচার না করে বরং তাকে সামনে রাখা, তাকে প্রশ্রয় দেওয়া, তাকে গুরুত্বপূর্ণ স্থানে জায়গা করে দেওয়া।
এই অন্যায় প্রশ্রয়ই অপরাধকে আরও বাড়িয়ে তোলে, এতে করে মসজিদের মতো পবিত্র স্থানে চুরির ঘটনা স্বাভাবিক হয়ে যায়।
অতএব, সময় থাকতে ব্যবস্থা নেওয়া, নিরাপত্তা জোরদার করা এবং অপরাধীকে অপরাধী হিসেবেই দেখা—এটাই মসজিদ, সমাজ এবং নিজেদের ঈমান রক্ষার পথ।
শেষ কথা, মসজিদ আল্লাহর ঘর—এটি সম্মানের স্থান, রহমতের স্থান, ক্ষমার স্থান।
এ ঘরের টাকা বা সম্পদ চুরি করা শুধু আইনগত অপরাধ নয়; বরং এটি হৃদয় কলুষিত হওয়ার বড় নিদর্শন, যা দুনিয়া–আখিরাতে ভয়াবহ শাস্তির কারণ।
অতএব, আল্লাহ তা’আলা আমাদেরকে তাঁর ঘরকে সম্মান করার তৌফিক দিন এবং এ ধরনের জঘন্য গুনাহ থেকে হেফাজত করুন। আমিন।

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।