মোস্তাফিজকে বাদ দিতেই ফেসবুকে ধস, ৪৮ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার হারাল কেকেআর

লেখক: Arisha Eme
প্রকাশ: ৪ মাস আগে
মোস্তাফিজকে বাদ দিতেই ফেসবুকে ধস, ৪৮ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার হারাল কেকেআর

অ্যাংরি ও হাহা রিঅ্যাকশনের সঙ্গে নেতিবাচক মন্তব্যে সয়লাব হয়ে উঠেছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) অফিসিয়াল ফেসবুক পেজ। একই সঙ্গে চোখে পড়ার মতো হারে ফলোয়ারও হারাচ্ছে দলটি। সবশেষ ৪৮ ঘণ্টায় প্রায় ১০ লাখ ফলোয়ার কমেছে কলকাতার।

আইপিএলের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কেকেআর। তবে গত ৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তাকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় ফ্র্যাঞ্চাইজিটি। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়ার মুখে পড়েছে কলকাতা।

পরিসংখ্যান বলছে, গত পরশু কলকাতার ফেসবুক পেজে ফলোয়ার ছিল প্রায় ১ কোটি ৮০ লাখ। বর্তমানে সেই সংখ্যা নেমে এসেছে ১ কোটি ৭০ লাখে। অর্থাৎ দিনে গড়ে ৫ লাখ করে ফলোয়ার হারাচ্ছে কেকেআর। হিসাব ভেঙে দেখলে প্রতি মিনিটে প্রায় ৩৪৭ জন এবং প্রতি সেকেন্ডে গড়ে ৫ জন করে ফলোয়ার কমছে।

মোস্তাফিজকে বাদ দেওয়ার ঘোষণার পোস্টটিতে এখন পর্যন্ত ২ লাখ ৩ হাজারের বেশি রিঅ্যাকশন পড়েছে। এর মধ্যে ১ লাখ ৩৭ হাজারই অ্যাংরি রিঅ্যাকশন, আর হাহা রিঅ্যাকশন পড়েছে প্রায় ৪০ হাজার। পোস্টটিতে মন্তব্য এসেছে ৬০ হাজারেরও বেশি, যেখানে অধিকাংশ মন্তব্যেই ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), আইপিএল ও ভারতকে ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন সমর্থকেরা।

ওই ঘোষণার পর কেকেআরের পেজে বরুণ চক্রবর্তী, নিউজিল্যান্ড সিরিজের জন্য ভারতের ওয়ানডে দল, ভারতের অনূর্ধ্ব-১৯ দল এবং অস্ট্রেলিয়ার তারকা পেসার ক্যামেরন গ্রিনকে নিয়ে মোট ৯টি পোস্ট দেওয়া হয়েছে। তবে সেগুলোতেও স্বাভাবিক রিঅ্যাকশনের বদলে অ্যাংরি ও হাহা রিঅ্যাকশন এবং নেতিবাচক মন্তব্যই বেশি দেখা গেছে। কেউ কেউ ১৮ লাখ থেকে ১৭ লাখ ফলোয়ারে নেমে আসার বিষয়টি নিয়েও কটাক্ষ করেছেন।

সব মিলিয়ে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সামাজিক যোগাযোগমাধ্যমে কেকেআরের জন্য বড় ধরনের নেতিবাচক প্রভাব ডেকে এনেছে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

  • ৪৮ ঘণ্টায় ১০ লাখ ফলোয়ার হারাল কেকেআর
  • মোস্তাফিজকে বাদ দিতেই ফেসবুকে ধস