রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজির প্রতিবাদে আয়োজিত ব্যবসায়ীদের মানববন্ধনে লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়েছে একদল চাঁদাবাজ। এতে চাঁদাবাজ ও ব্যবসায়ীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে, যা এলাকায় উত্তেজনা ছড়িয়ে দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, মানববন্ধন চলাকালে হঠাৎ করে একদল চাঁদাবাজ সেখানে এসে ব্যবসায়ীদের ওপর হামলা চালায়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হলে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরবর্তীতে সেনাবাহিনীর সদস্যরা কারওয়ান বাজারের পুরো এলাকা জুড়ে কঠোর অবস্থান গ্রহণ করেন। নিরাপত্তা জোরদার করা হয় এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।
ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে চাঁদাবাজির কারণে তারা অতিষ্ঠ। নিয়মিত চাঁদা না দিলে দোকান ভাঙচুর ও হুমকির শিকার হতে হয়। মানববন্ধনের মাধ্যমে তারা এই অনিয়মের প্রতিবাদ জানাতে চেয়েছিলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে অভিযান অব্যাহত থাকবে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।