১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান, গণদোয়া ও মাজার জিয়ারতে অংশ নেবেন

লেখক: Arisha Eme
প্রকাশ: ৪ মাস আগে
 ১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান, গণদোয়া ও মাজার জিয়ারতে অংশ নেবেন

দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী রোববার (১১ জানুয়ারি) প্রথমবারের মতো ঢাকার বাইরে সফরে যাচ্ছেন। সফরের শুরুতেই তিনি বগুড়ায় যাবেন। প্রায় ১৯ বছর পর বগুড়ায় তার আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

বিএনপির গুলশান কার্যালয়ের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করে জানায়, তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর বগুড়া সফর করেছিলেন। এবার তিনি ১১ জানুয়ারি সন্ধ্যার দিকে বগুড়ায় পৌঁছাবেন এবং সেখানে একটি হোটেলে রাত্রিযাপন করবেন।

পরদিন সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় তিনি বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জেলা বিএনপির আয়োজিত গণদোয়া কর্মসূচিতে অংশ নেবেন।

বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল গণমাধ্যমকে জানান, গণদোয়া শেষে তারেক রহমান শহরের সাতমাথা, তিনমাথা ও মাটিডালি হয়ে মহাস্থানগড়ে হজরত শাহ সুলতান বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজারে জিয়ারত করবেন। মাজার জিয়ারত শেষে তিনি রংপুরের উদ্দেশে রওনা দেবেন। রংপুরে গিয়ে তিনি জুলাই শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন পর নেতার সফরকে স্মরণীয় করে রাখতে গণসংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির চিন্তাভাবনা করা হয়েছিল। তবে তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনের প্রার্থী হওয়ায় এসব কর্মসূচি পালন করলে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা রয়েছে। এ কারণে এসব কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব জানান, ১২ জানুয়ারি রংপুরে যাওয়ার পথে শিবগঞ্জ উপজেলার মহাস্থানে হজরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহী সাওয়ার (রহ.)-এর মাজার শরিফে জিয়ারত করবেন তারেক রহমান। এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মীর শাহে আলমের নেতৃত্বে তাকে স্বাগত জানানো হবে। পরে দলীয় নেতাকর্মীরা তাকে শিবগঞ্জ উপজেলার শেষ সীমানা রাহবাল পর্যন্ত পৌঁছে দেবেন।

উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহিদ জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়ার গাবতলী। ২০০১ সালে গাবতলী থেকেই বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণ করেন তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া-৬ (সদর) আসন থেকে প্রার্থী হয়েছেন।

  • ১৯ বছর পর বগুড়ায় তারেক রহমান
  • গণদোয়া ও মাজার জিয়ারতে অংশ নেবেন