
আশুগঞ্জ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার তালশহর বুধাই সাহা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও গণভোট অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় এসএসসি পরীক্ষা ২০২৬ সালে শতভাগ পাস এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সন্তানদের পড়াশোনার বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন শিক্ষকরা।
তালশহর বুধাই সাহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাফে মোহাম্মদ ছড়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী, তালশহর ইউনিয়ন পরিষদের প্রশাসক বাপ্পি সরকার এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শরীফুজ্জামান শরীফ।
এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আনিছুর রহমান লিটন, আশরাফ চৌধুরী খোকন, সিনিয়র সহকারী শিক্ষক অশোক কুমার দাস, মোঃ আলমগীর হোসেন, মোঃ মাওলানা মিজানুর রহমান, আব্দুল্লাহ আল-মামুন, ক্রীড়া শিক্ষক মোঃ এরশাদ আলী, আব্দুল কাদিরসহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নেবে। তাই পড়াশোনার কোনো বিকল্প নেই। পাশাপাশি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
