স্বাধীনতার বিরোধিতাকারীরাই আজ ভোট চাইছে— মির্জা ফখরুল

লেখক: Arisha Eme
প্রকাশ: ৩ মাস আগে
স্বাধীনতার বিরোধিতাকারীরাই আজ ভোট চাইছে— মির্জা ফখরুল

দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে যারা আজ ভোট চাইতে আসছে, তারা একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল—ভোটারদের সেই ইতিহাস মনে করিয়ে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সে সময় মানুষকে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করা হয়েছিল এবং তাদের ঘরবাড়িতে লুটপাট চালানো হয়েছিল।

শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে গণসংযোগকালে এসব কথা বলেন তিনি। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন এবং হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী মো. খাদেমুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গণসংযোগে বিএনপি মহাসচিব বলেন, “যারা আজ দাঁড়িপাল্লা নিয়ে আপনাদের সামনে ভোট চাইতে এসেছে, তারা সেদিন এই দেশের স্বাধীনতার পক্ষে ছিল না, বরং বিরোধিতা করেছিল। আপনাদের যে ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হয়েছিল, সেই সময় সেগুলো লুটতরাজ করা হয়েছিল—ঠিক কি না বলেন?”

বিএনপি ক্ষমতায় এলে দেশে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়ে তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন কোনো ভয় বা আতঙ্কে না থাকেন। “এই দেশ আপনাদের, এই মাটিও আপনাদের। একজন মুসলমানের যে অধিকার আছে, ঠিক তেমনি আপনাদেরও একই অধিকার আছে। এখানে সবাই সমান, আমরা সবাই একই দেশের মানুষ,”—বলেন তিনি।

একাত্তরের মুক্তিযুদ্ধের স্মৃতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন, তখন মানুষ বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিল, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল। “আমরা আমাদের দেশ ছেড়ে কোথাও যাইনি, ভবিষ্যতেও যাব না। আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে চাই,”—যোগ করেন তিনি।

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে আশ্বাস দিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আপনাদের মধ্যে একটা ভয় কাজ করে—অন্য কাউকে ভোট দিলে যদি পরে ক্ষতি করা হয়। আমি পরিষ্কার করে বলতে চাই, আমরা ধানের শীষের লোকেরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।”

ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা স্বাধীনতার পক্ষে কথা বলে, যারা ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড ও আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার কথা বলে—তাদের হাতকে শক্তিশালী করতে ভোট দিন। গণসংযোগকালে ঠাকুরগাঁও জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং দলের সহযোগী সংগঠনের কয়েকজন নেতা বক্তব্য দেন।